Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৫ ১৪৩৩, রোববার ১১ অক্টোবর ২০২৬

নেপালে আবারও প্রাকৃতিক দুযোর্গ: ভেসে গেল ৪০ বাড়ি

প্রকাশিত: ২০:৫৬, ১১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

নেপালে আবারও প্রাকৃতিক দুযোর্গ: ভেসে গেল ৪০ বাড়ি

নেপালে আবারও প্রাকৃতিক দুযোর্গ: ভেসে গেল ৪০ বাড়ি

নেপালের মধ্যাঞ্চলীয় গোরখা জেলায় আকস্মিক বন্যায় আনুমানিক ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ রোববার (১১ অক্টোবর) ভোরে বুধি গণ্ডকি নদীতে আকস্মিক বন্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাড়িঘর, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এ বিষয়ে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বন্যায় চুমনুব্রি ও ধারচে গ্রামীণ পৌরসভা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি জনবসতি প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়তে থাকায় আরও অনেক বাড়িঘর ঝুঁকির মুখে রয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানান, বন্যার পানিতে চুমনুব্রি-৩ এলাকার ন্যকচেট ও ফিলিম বাজারের মধ্যে সংযোগকারী সেতুটিও ভেসে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এগুলোর মাধ্যমে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

গোরখা জেলার প্রধান কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, সিউরিবাস এলাকার ওপরের দিকে ভূমিধসের ঘটনা ঘটেছিল। তবে বন্যার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে তদন্ত চলছে।

এদিকে, নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং করছে কর্তৃপক্ষ। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

নদীর পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে।

Walton
Walton