Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৮ ১৪৩৩, রোববার ০৪ অক্টোবর ২০২৬

স্পেনে আবাসন সংকট: সুরক্ষা নিশ্চিতে দেশজুড়ে বিক্ষোভ

প্রকাশিত: ২২:১৩, ৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

স্পেনে আবাসন সংকট: সুরক্ষা নিশ্চিতে দেশজুড়ে বিক্ষোভ

স্পেনে আবাসন সংকট: সুরক্ষা নিশ্চিতে দেশজুড়ে বিক্ষোভ

আন্তর্জঅতিক ডেস্ক
আবাসন সংক্রান্ত জরুরি আইন পাস করতে সরকারের ব্যর্থতার পর ভাড়াটিয়াদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে পুরো স্পেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

স্থানীয় সময় গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) দেশটির মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে প্রায় ৫০টি বিক্ষোভ মিছিল হয়।

এদিকে, ভ্যালেন্সিয়া ভাড়াটিয়া সমিতির এক মুখপাত্র বলেন, মানুষের মধ্যে এখন তীব্র ক্ষোভ। শহরটিতে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

বাড়িভাড়া অনেক বেড়ে যাওয়ায় তা পরিশোধ করতে না পারায় গত মাসে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উচ্ছেদ করা হয়। এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন বামপন্থি জোট সরকার গত শুক্রবার কিছু নতুন পদক্ষেপের প্রস্তাব দিয়েছিল।

ওই বৃদ্ধাকে উচ্ছেদের ঘটনাটি পুরো স্পেনকে নাড়া দেয়। বিক্ষোভকারীরা বাড়িভাড়া কমানো, উচ্ছেদ বন্ধ করা এবং বিনিয়োগকারী তহবিলগুলোর সম্পত্তি কেনা নিষিদ্ধের দাবি জানান।

গত শুক্রবার কংগ্রেসে সানচেজের প্রস্তাব পাস না হওয়ায় আগাম জাতীয় নির্বাচনের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা বেড়েছে। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি এবং তাদের সহযোগী দল সুমার অ্যালায়েন্সের সমন্বয়ে গঠিত এই জোট সরকারের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই।

পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ার ‘পালাউ দে লেস আর্টস রেইনা সোফিয়া’ আর্টস সেন্টারের কাছে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই আর্টস সেন্টারে তখন আবাসন খাতের একটি সম্মেলন চলছিল।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে ফেলেন এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়েন। জবাবে পুলিশ রাবার বুলেট ছোড়ে। সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই  জানিয়েছে, এ ঘটনায় ৯ পুলিশ সদস্য আহত এবং পাঁচ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয়েছে রাজধানী মাদ্রিদে। সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। শহরের ভাড়াটিয়া সমিতির দাবি অনুযায়ী, সেখানে ৫ লাখ মানুষ অংশ নিয়েছিলেন, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের মতে এই সংখ্যা ছিল ৭০ হাজার।

বিক্ষোভকারীরা ‘ভাড়াখেকো ব্যবসায়ীদের শান্তি নেই’, ‘আমি ভবিষ্যতের জন্য পড়ছি, ছোট অ্যাপার্টমেন্টে থাকার জন্য নয়’—লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় হাতে থাকা চাবি নাড়িয়ে তারা স্লোগান দেন, ‘পুরো শহরের চাবি আমাদের হাতে’।

কেউ কেউ শহরের অন্যতম প্রধান চত্বর ‘পুয়ের্তা দেল সলে’ কয়েক দিন ধরে অবস্থানও নিয়েছিলেন। ডেভিড নামের এক বিক্ষোভকারী আরটিভিইকে বলেন, ‘আমরা এখানে কোনো আনন্দ বা আরাম-আয়েশের জন্য আসিনি। আমরা এসেছি আমাদের দৃঢ় বিশ্বাসের জায়গা থেকে।’

বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সি গ্রন্থাগারিক মার্কোস সাইঞ্জ বার্তা সংস্থা এএফপিকে জানান, আগে তিনি বন্ধুদের সঙ্গে একটি দুই-বেডরুমের ফ্ল্যাটে থাকতেন এবং মাসে ৯০০ ইউরো ভাড়া দিতেন। অথচ বর্তমানে একটি এক-বেডরুমের ফ্ল্যাটের ভাড়াই প্রায় ১ হাজার ইউরো।

সাইঞ্জ বলেন, ভাড়াবৃদ্ধির বিরুদ্ধে তিনি ততক্ষণ প্রতিবাদ চালিয়ে যাবেন, যতক্ষণ না কেউ এটি নিয়ন্ত্রণ করার সাহস দেখায়। অন্যথায় সবাইকে মাদ্রিদ ছেড়ে চলে যেতে হবে।

পুলিশ জানিয়েছে, তারা একটি উগ্র-ডানপন্থি গোষ্ঠীর তিন সদস্যকে গ্রেফতার করেছে, যাদের কেউ কেউ নাৎসি কায়দায় স্যালুট দিচ্ছিল। 

গত শুক্রবার রাতে মাদ্রিদের ভাড়াটিয়া ইউনিয়ন জানায়, যদিও সরকারের প্রস্তাবিত পদক্ষেপগুলো অপর্যাপ্ত ছিল, তবুও প্রস্তাবিত আইনটি পাস না হওয়ায় আবাসন সংকট আরও তীব্র হবে। এর মাশুল দিতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
সংগঠনটি আবাসন সংকটের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে।

গত শুক্রবার কংগ্রেসে উত্থাপিত আইনটিতে দুটি অধ্যাদেশ ছিল। প্রথম প্রস্তাবতে ২০৩০ সাল পর্যন্ত অসহায় বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভাড়াটিয়াদের উচ্ছেদ স্থগিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ২০২৮ সালের আগে মেয়াদ শেষ হতে যাওয়া ভাড়ার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো, পর্যটকদের জন্য ব্যবহৃত অ্যাপার্টমেন্টের ওপর কর বৃদ্ধি এবং তথাকথিত ‘ভালচার ফান্ডের’ মাধ্যমে আবাসিক সম্পত্তি কেনার ওপর বিধিনিষেধ আরোপও অন্তর্ভুক্ত ছিল।

দ্বিতীয় আদেশে ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যা বামপন্থি গোষ্ঠী এবং ভাড়াটিয়া ইউনিয়নের অন্যতম প্রধান দাবি ছিল।

পার্লামেন্টে প্রথম অধ্যাদেশটির বিপক্ষে ১৭৮টি ও পক্ষে ১৭২টি ভোট পড়ে এবং দ্বিতীয়টির বিপক্ষে ১৮৪টি ও পক্ষে ১৬৬টি ভোট পড়ে।

ভোটের আগেই রক্ষণশীল পিপলস পার্টি এবং উগ্র-ডানপন্থি দল ভক্স জানিয়েছিল, তারা উভয় উদ্যোগের বিপক্ষেই ভোট দেবে। ফলে সংখ্যালঘু সরকারকে কাতালোনিয়া ও বাস্ক অঞ্চলের ছোট ছোট জাতীয়তাবাদী দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছিল।

তবে সংসদীয় অধিবেশনের ঠিক আগের মুহূর্তে মধ্য-ডানপন্থি ও স্বাধীনতাপন্থি দল টুগেদার ফর কাতালোনিয়া উভয় আইনের বিরুদ্ধেই তাদের অবস্থানের কথা জানিয়ে দেয়, যার ফলে আইনগুলোর পাস হওয়ার কোনো সুযোগ থাকেনি। সেপ্টেম্বর মাসে ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে উচ্ছেদ করার ঘটনায় যে আবাসন-সংক্রান্ত বিক্ষোভের সূত্রপাত হয়েছিল, তা প্রশমিত করার লক্ষ্যে সানচেজের ক্ষমতাসীন জোট তড়িঘড়ি করে বিশেষ ডিক্রি বা অধ্যাদেশ প্রণয়ন করে।

সামাজিক প্রতিবাদের মুখে মারিকারমেনকে শেষ পর্যন্ত কম ভাড়ায় ফ্ল্যাটে ফিরিয়ে আনার বিষয়ে সমঝোতায় পৌঁছায় মালিকানা প্রতিষ্ঠান। এর পরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

চাহিদা ও নতুন বাড়ি নির্মাণের মধ্যকার ব্যবধানের ওপর ভিত্তি করে স্পেনের কেন্দ্রীয় ব্যাংক হিসাব করেছে, দেশটিতে ৭ লাখ বাড়ির ঘাটতি রয়েছে।

জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনইর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, গত এক বছরে বাড়ির দাম ১২.২ শতাংশ বেড়েছে।

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইডিয়ালিস্টার তথ্য অনুযায়ী, ভাড়ার বাড়ির ঘাটতির কারণে ২০২৫ সালে বাড়িভাড়া ৮.৫ শতাংশ বেড়েছে; এর মধ্যে কেবল মাদ্রিদেই ভাড়াবৃদ্ধির হার ছিল ৯.৭ শতাংশ।

প্রতিষ্ঠানটি জানায়, বাড়ি ভাড়ার ক্ষেত্রে বার্সেলোনা ও মাদ্রিদ স্পেনের সবচেয়ে ব্যয়বহুল শহর—যেখানে প্রতি বর্গমিটারের ভাড়া যথাক্রমে ২৩.৮০ ইউরো এবং ২২.৭০ ইউরো।

Walton
Walton