Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৬ ১৪৩৩, শুক্রবার ০২ অক্টোবর ২০২৬

টানা ১১তম দিনে চুয়েটে অব্যাহত রয়েছে শাটডাউন কর্মসূচি

প্রকাশিত: ১৬:২৬, ২ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

টানা ১১তম দিনে চুয়েটে অব্যাহত রয়েছে শাটডাউন কর্মসূচি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ১১ দিন ধরে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে গত কয়েক দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তারা।

তবে শিক্ষার্থীদের আন্দোলন শুধু বিক্ষোভ মিছিলেই সীমাবদ্ধ নেই। এর আগে ৫৬ দিন দায়িত্ব পালনের পর অধ্যাপক সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল ও চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবারও উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই দিন শিক্ষার্থীরা প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। পরে ২১ সেপ্টেম্বর তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন কর্মসূচি।

Walton
Walton