বারী সিদ্দিকী
নন্দিত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন আজ।
বারী সিদ্দিকীর জন্ম ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীত পরিবারে। পরিবারেই গানের হাতেখড়ি। পরে স্থানীয় ওস্তাদ গোপাল দত্তের কাছে দীক্ষা নেন। এরপর ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণী শিল্পীর সান্নিধ্য পেয়েছিলেন।
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের উৎসাহে আনুষ্ঠানিকভাবে গানে আসেন বারী সিদ্দিকী। হুমায়ূনের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার ৭টি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ‘শুয়া চান পাখি’ গানটি দিয়ে পরিচিতি পান। পরে অনেক অডিও অ্যালবাম করেছেন, গেয়েছেন বেশ কিছু সিনেমায়। তার কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, ‘মনের দুঃখ মনে রইলো রে’, ‘পূবালী বাতাসে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ইত্যাদি।
প্রসঙ্গত, বছর দুয়েক কিডনি জটিলতায় ভোগার পর ২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে চলে যান বারী সিদ্দিকী।




