সামিরা খান মাহির ছবি সংগৃহীত
বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে পুয়ের্তো রিকোতে শুরু হয়েছে সামিরা খান মাহির নতুন লড়াই। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ওয়েলকাম প্যারেডে আত্মবিশ্বাসী উপস্থিতি ও সাবলীল ক্যাটওয়াকে নজর কেড়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ।
গত বুধবার পুয়ের্তো রিকোর অ্যাগুয়াদিয়া শহরের সমুদ্রতীরে আয়োজন করা হয় প্রতিযোগীদের বরণ করে নেওয়ার বিশেষ এই অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সুন্দরী প্রতিযোগীদের সঙ্গে সেখানে অংশ নেন মাহি।
প্রথম দিনের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘মিস ইউনিভার্সে প্রথম দিন! বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সুন্দরী প্রতিযোগীদের মধ্যে শুরু হলো এক নতুন যাত্রা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ, উচ্ছ্বসিত এবং গর্বিত।’
হলুদ গাউনে বাংলাদেশের পরিচয়
ওয়েলকাম প্যারেডের আগে মঞ্চে মাইক্রোফোন হাতে দুই হাত প্রসারিত করে হাসিমুখে নিজের পরিচয় দেন মাহি। একই সঙ্গে তুলে ধরেন বাংলাদেশের নাম।
সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করে নিজের উচ্ছ্বাসের কথাও জানান তিনি। তাঁর ভাষায়, মিস ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছে অসংখ্য সুন্দর মুখ, সুন্দর মন এবং স্মরণীয় মুহূর্তের হাত ধরে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে এমন অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আনন্দিত তিনি।
প্রথম দিনের পোশাকেও ছিল বিশেষ প্রস্তুতির ছাপ। হালকা লেমন ইয়েলো রঙের গাউনে নিজেকে সাজান মাহি। সূক্ষ্ম ড্রেপিং ও কুঁচির কাজের পাশাপাশি পোশাকটিতে ছিল অফ-শোল্ডার নকশা।
গাউনের সঙ্গে সাদা রঙের ‘বাংলাদেশ’ লেখা স্যাশ তাঁর সাজে যোগ করেছে দেশের প্রতিনিধিত্বের বিশেষ পরিচয়।
আর্জেন্টিনার সুন্দরীর সঙ্গে একই কক্ষে মাহি
প্রতিযোগিতায় মাহির অফিসিয়াল রুমমেট হয়েছেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৬ দাইয়ানা স্টেফানি পেরেইরা।
আর্জেন্টাইন এই প্রতিযোগীর সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মাহি। নতুন বন্ধুত্ব ও অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, আর্জেন্টাইন সুন্দরীর সঙ্গে মিস ইউনিভার্সের এই যাত্রা ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত।
কিউবার প্রতিযোগীর মুখে বাংলা
বিশ্বমঞ্চে প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে তুলছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
মিস ইউনিভার্স কিউবা ২০২৬ মিয়া দিয়োকে দিয়ে বাংলায় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলিয়েছেন মাহি। তাঁদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
সেখানে মিয়া দিয়ো বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান। মাহির প্রশংসা করে তিনি বলেন, শুধু বাহ্যিক সৌন্দর্যেই নয়, মনেও তিনি অসাধারণ।
শীর্ষস্থানের লড়াইয়ে ভোট চাইছেন মাহি
এদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফ্যান ভোটিংও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভোটের মাধ্যমে বাংলাদেশের অবস্থান এগিয়ে নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে চান তিনি। এই যাত্রায় দর্শকদের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন। প্রতিটি ভোট তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন। সেদিনই ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেই মুকুটের লড়াইয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি।




