জাহ্নবী কাপুর ছবি সংগৃহীত
তুষারঢাকা পাহাড়ে শুটিং করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় শরীর অবশ হয়ে এসেছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তবে শুটিংয়ের অভিজ্ঞতা তাঁকে ভরিয়ে রেখেছে আনন্দ আর উচ্ছ্বাসে। সম্প্রতি অজ্ঞাত এক স্থানে নতুন একটি প্রকল্পের শুটিংয়ের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
বুধবার (৪ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জাহ্নবী। ছবিগুলোতে দেখা যায়, পেছনে বরফে ঢাকা পাহাড়, চারপাশে শীতের আবহ। শুটিংয়ের স্থান সম্পর্কে অবশ্য কিছু জানাননি তিনি। ছবির প্রাকৃতিক পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, জায়গাটি হিমালয়ের বাইরের পার্বত্য অঞ্চলের কোনো এলাকা হতে পারে।
ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ ক্যাপশনে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী। অনুসারীদের উদ্দেশে তাঁর মজার আহ্বান, কেউ যেন তাঁকে একবার চিমটি কেটে বাস্তবে ফিরিয়ে আনেন।
জাহ্নবী লেখেন, ‘আমাকে একটু চিমটি কাটুন। সত্যি বলছি, যত জোরেই চিমটি কাটুন না কেন, কিছুই অনুভব করতে পারব না। কারণ, ঠান্ডায় এখনো শরীর অবশ হয়ে আছে। তবে আমরা যে কাজটি করেছি, তার আনন্দে মন ভরে আছে।’
এর আগে চলতি বছরের হ্যালোইন উপলক্ষে প্রয়াত মা শ্রীদেবীর জনপ্রিয় সিনেমা ‘নাগিনা’র আইকনিক সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জাহ্নবী। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া এই ফ্যান্টাসি সিনেমায় শ্রীদেবীর স্মরণীয় লুকটি নতুন করে ফুটিয়ে তোলেন তিনি। সেই আয়োজনের অংশ হিসেবে প্রয়াত ঋষি কাপুরের সাজে দেখা যায় ওরিকে।
সিনেমাটির পোস্টার থেকে শুরু করে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত-সবকিছুতেই ‘নাগিনা’র পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা ছিল। এ আয়োজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ইনস্টাগ্রামে জাহ্নবী লিখেছিলেন, হ্যালোইনে সিনেমার অন্যতম স্মরণীয় একটি দৃশ্য নতুন করে তুলে ধরার ইচ্ছা থেকেই তাঁদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, হ্যালোইনে পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সংস্কৃতির স্মরণীয় মুহূর্তের সাজে হাজির হওয়ার চল রয়েছে। কখনো তা ভৌতিক, কখনো মজার, আবার কখনো শ্রদ্ধা জানানোর উপলক্ষ। তাঁর ভাষায়, মা শ্রীদেবী, ঋষি আঙ্কেল ও অমরীশ স্যারের চেয়ে বেশি আইকনিক আর কে হতে পারেন!
এই সাজের পেছনে কয়েকজনের সহযোগিতার কথাও উল্লেখ করেন অভিনেত্রী। জাহ্নবীর সেই পোস্টে মন্তব্য করে তাঁর বোন খুশি কাপুর লেখেন, ‘হ্যালোইনটা তুমিই জিতে নিয়েছ।’




