ছবি সংগৃহীত
শ্রমিক অসন্তোষ থেকে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় দায়িত্ব পালন করছেন বাহিনীটির ৩৩ প্লাটুন সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ের টহলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ড্রোন ও আধুনিক প্রযুক্তি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ও আশপাশের চারটি শিল্পাঞ্চলে ভাগ করে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
ড্রোনে নজরদারি, মাঠে বিশেষ যানবাহন
শিল্পাঞ্চলে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় এসব বিশেষ যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং চলছে। দায়িত্ব পালনকারী সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরাও সংযুক্ত করা হয়েছে।
সদর দপ্তর থেকে চলছে সার্বক্ষণিক তদারকি
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পুরো নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন সদস্যরা।
শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা, শ্রমিক-কারখানা সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা, শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।




