শহিদ জিয়ার সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। ছবি: সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান চীনা প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তাঁদের স্বাগত জানান।
পরে প্রতিনিধিদলের সদস্যরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রুহুল কবির রিজভী বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের কূটনৈতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এবং দলটির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকনও উপস্থিত ছিলেন।
চীনা প্রতিনিধিদলের এই সফরকে ঘিরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।




