স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
পোশাক কারখানায় উৎপাদন বন্ধ করা কিংবা শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার সবকিছুর সঙ্গে শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সম্পর্ক নেই। কিছু মহল রাজনৈতিক স্বার্থে উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা ও সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যেই কারখানা বন্ধ কিংবা উৎপাদন বন্ধ রাখার উদ্দেশ্যে উসকানি দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের দাবি পূরণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সন্তোষজনক অবস্থান পাওয়া গেছে।
মজুরি বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
সাম্প্রতিক পরিস্থিতিতে হামলা বা নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। কিছু দুষ্কৃতকারী কারখানা ও শিল্পাঞ্চলে হামলার চেষ্টা করতে পারে বলে সতর্ক করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহলের রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর বক্তব্য, এ ধরনের তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।




