Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৮ ১৪৩৩, মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

শ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫০, ৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন, ভোগান্তিতে যাত্রীরা

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে এলাকায় উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে মিরপুর-১১ এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেট্রোরেল পুলিশ কন্ট্রোল রুম মঙ্গলবার সকালে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মিরপুর-১১ সেকশনে সকাল থেকেই শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি সহিংস হয়ে উঠলে যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশনের অবকাঠামো সুরক্ষার কথা বিবেচনা করে সেখানে ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়।

স্টেশনটি বন্ধ থাকায় বর্তমানে কোনো মেট্রোরেল সেখানে থামছে না। ফলে যাত্রীরা মিরপুর-১১ স্টেশন থেকে ট্রেনে উঠতে কিংবা সেখানে নেমে গন্তব্যে যেতে পারছেন না। এতে ওই স্টেশন ব্যবহারকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মিরপুর-১১ স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।

মেট্রোরেল পুলিশ কন্ট্রোল রুম আরও জানিয়েছে, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে স্টেশনটির কার্যক্রম আবার চালু করা হবে।

Walton
Walton