Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৮ ১৪৩৩, মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

মজুরির দাবিতে উত্তাল মিরপুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মজুরির দাবিতে উত্তাল মিরপুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আটক ২

ছবি সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজপথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাক শ্রমিকেরা। রাজধানীর মিরপুর ও পল্লবীতে ছড়িয়ে পড়া উত্তেজনা একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাকশ্রমিকেরা। দাবি আদায়ে তাঁদের অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সূত্রপাত হয়।

পল্লবীর কালশী রোডেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে পুলিশের ওপর হামলা ও সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে গণপরিবহনেও। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

মঙ্গলবার সকালে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সহিংসতার আশঙ্কায় যাত্রী ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের বাকি স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।

পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ থাকা স্টেশনটির কার্যক্রম আবার চালু করা হবে।

Walton
Walton