ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে চারজনের। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের একটি উদ্ধারকারী দল। পরে কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলটি রাজধানীর শাহ আলী থানা এলাকার মধ্যে পড়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সকালের ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।




