Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩৩, বুধবার ০৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়া ফেরত পাঠাল ১৮২ অভিবাসী, বাংলাদেশি ৪৫ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মালয়েশিয়া ফেরত পাঠাল ১৮২ অভিবাসী, বাংলাদেশি ৪৫ জন

ছবি সংগৃহীত

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। অক্টোবরের শেষ সপ্তাহে দেশটির জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে তাঁদের প্রত্যাবাসন করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক। দেশটির ৮৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারত ও থাইল্যান্ডের তিনজন করে, কম্বোডিয়ার তিনজন, শ্রীলঙ্কার দুজন এবং চীনের একজন রয়েছেন।

আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। তাঁদের বেশির ভাগের কাছেই বৈধ পাসপোর্ট ছিল। তবে যাঁদের পাসপোর্ট ছিল না, তাঁদের কয়েকজনকে নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি দেওয়া হয়। সেই নথি ব্যবহার করেই তাঁদের ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো ১৮২ জনের প্রত্যেকের নাম মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কালো তালিকায় তোলা হয়েছে। ফলে নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কোনো উদ্দেশ্যেই দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

এদিকে আটক বিদেশি নাগরিকদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রেখেছে কর্তৃপক্ষ। এই কেন্দ্র থেকে বিমান টিকিট কেনাসহ দেশে ফেরার প্রয়োজনীয় কাজ করা যায়। এসব সেবার জন্য কোনো ফি বা অতিরিক্ত টাকা নেওয়া হয় না বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

প্রত্যাবাসনসংক্রান্ত তথ্য জানতে ডিপোটির রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমেও তথ্য নেওয়ার সুযোগ রয়েছে।

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য এ ঘটনা নতুন করে অভিবাসন আইন মেনে চলার বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের পথও বন্ধ হয়ে যেতে পারে।

Walton
Walton