ছবি: সংগৃহীত
ময়মনসিংহ গফরগাঁওয়ের বাসিন্দা তাজ উদ্দিন মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন।গত শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার জহুর বারু শহরে একটি কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।নিহত তাজ উদ্দিন (৪১) দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
নিহতের ভাগনে ফরহাদ হোসেন খোকন বলেন, তাজ উদ্দিন কর্মস্থলে ক্রেন দিয়ে মালামাল সরানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ক্রেন থেকে মাল ছিঁড়ে তার মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ৯ বছর আগে মালয়েশিয়ায় যান তাজ উদ্দিন। জহুর বারু শহরের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার স্ত্রী ও দুই ছেলে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় বসবাস করেন।
তিন মাস আগে দেশে এসেছিলেন। দুই মাসের ছুটি শেষে প্রায় এক মাস আগে আবারও মালয়েশিয়ায় ফিরে যান। দেশে ফেরার এক মাসের মধ্যেই কর্মস্থলের দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
নিহতের চাচা হাফিজুল হক ফেরদৌস মাস্টার বলেন, পরিবারের সচ্ছলতা ফেরাতে মা, স্ত্রী ও দুই সন্তান রেখে দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন আমার ভাতিজা। কর্মস্থলে ক্রেন থেকে মাল ছিঁড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।




