Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩৩, বুধবার ০৪ নভেম্বর ২০২৬

পশ্চিমা নীতিতে দ্বিচারিতা, ইরানের কড়া অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৪৭, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পশ্চিমা নীতিতে দ্বিচারিতা, ইরানের কড়া অভিযোগ

উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ ছবি সংগৃহীত

পারমাণবিক অস্ত্রের মালিকানা ও বিস্তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী অবস্থানের কঠোর সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রধান বলেছেন, গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী হওয়ার কোনো বৈধ যোগ্যতা ইসরায়েলের নেই। অথচ পশ্চিমা সরকারগুলো দেশটির পারমাণবিক অস্ত্রভান্ডারের প্রসঙ্গই এড়িয়ে যায়।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরিদর্শকদের পাঠানো হলেও ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের বিষয়ে পশ্চিমা দেশগুলোর নীরবতা স্পষ্ট বৈষম্যের প্রমাণ।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে এই কূটনীতিক বলেন, প্রেসিডেন্ট এক বাক্যেই বিষয়টির অসংগতি তুলে ধরেছিলেন। তাঁর ভাষায়, ‘পারমাণবিক বোমা রয়েছে ইসরায়েলে, অথচ পরিদর্শক পাঠানো হচ্ছে ইরানে।’

ইরানি এই কূটনীতিকের মতে, আন্তর্জাতিক ব্যবস্থার গভীর ত্রুটি এই বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে।

পশ্চিমাদের দ্বিচারিতার কয়েকটি দিক তুলে ধরে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনি অধিকার রয়েছে এমন একটি দেশের ওপর নজরদারি চালানো হচ্ছে। অথচ কোনো আন্তর্জাতিক আইনি কাঠামোর বাইরে গড়ে ওঠা পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে কার্যত নীরবতা বজায় রাখা হচ্ছে।

তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সরকার এমন একটি শাসকগোষ্ঠীকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে, যারা কখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দেয়নি। অন্যদিকে, চুক্তি থেকে কখনো বেরিয়ে না আসা ইরানের ওপরই নিষেধাজ্ঞা, চাপ ও শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হচ্ছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি যখন নিজের প্রতিরক্ষার কথা বলে, তখন মূলত জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষার কথাই বলে। তবে বিষয়টি শুধু আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের মর্যাদা রক্ষার লড়াইও করছে তেহরান।

তিনি বলেন, নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করা রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইরান অবস্থান নিয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েল ও দেশটির অবৈধ পারমাণবিক অস্ত্রভান্ডার। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিকে উল্টোভাবে উপস্থাপনের যেসব চেষ্টা চলছে, সেগুলোরও বিরোধিতা করছে তেহরান।

ইরানি এই কূটনীতিকের ভাষ্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যৎ অস্তিত্বের জন্য ইরানের বিষয়টি এখন বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে, এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানই নির্ধারণ করবে বিশ্বজুড়ে এনপিটির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা কতটা বজায় থাকবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

Walton
Walton