ছবি সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে বৃহস্পতিবার ১৩ নভেম্বর শত্রুপক্ষের হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে হামলাটি কারা চালিয়েছে, কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, খবর প্রকাশের কয়েক মিনিট আগেই সিরিক এলাকায় হামলাটি ঘটে। তবে হামলার ধরন ও এর প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা প্রায়ই ওয়াশিংটনকে ইঙ্গিত করে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন।
এর আগে আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তাসনিম। সংবাদমাধ্যমটির বরাতে পাওয়া তথ্য অনুযায়ী, সামুদ্রিক চলাচলসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে কয়েকটি নৌযানকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত ব্যাখ্যা পাওয়া যায়নি।
ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত সিরিক কাউন্টি হরমুজ প্রণালির পূর্বদিকে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।




