ছবি সংগৃহীত
শ্রমিক অসন্তোষের রেশ কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প এলাকা। বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সড়ক অবরোধের চেষ্টায় নতুন করে অস্থিরতা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। নিরাপত্তার কারণে অন্তত ২০টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড়, বাগবাড়ী এবং আশুলিয়ার জামগড়া এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক দিন ধরে চলা অসন্তোষের পর অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হলেও সকাল ৯টার পর পরিস্থিতি পাল্টাতে থাকে।
আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে বিরতি দিয়ে বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভে যোগ দেন। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
সকাল ১০টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ী এলাকায়ও শ্রমিকদের জমায়েত বাড়তে থাকে। পদ্মার মোড়ে পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনালের শ্রমিকেরা অবস্থান নেন।
বাগবাড়ীতে স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনে বিভিন্ন কারখানা থেকে আসা শ্রমিকেরা জড়ো হন। ওই সময় প্রতিষ্ঠানটির নিজস্ব শ্রমিকেরা ভেতরে কাজ করছিলেন।
বিক্ষোভকারীদের সরিয়ে দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। জবাবে শ্রমিকদের একাংশ ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
জামগড়া এলাকাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
পরিস্থিতির কারণে হেমায়েতপুরের বাগবাড়ীতে স্যামস স্টাইলিং গ্রুপসহ যমুনা গ্রুপের সব কারখানায় ছুটি দেওয়া হয়। আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুরের আরও কয়েকটি প্রতিষ্ঠানে একই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও তাঁদের সড়কে অবস্থান করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জামগড়ায় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছিলেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়ার ভাষ্য, দিনের শুরুতে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। কয়েকটি প্রতিষ্ঠানে কর্মবিরতি ও সড়ক অবরোধের চেষ্টা পরিস্থিতিকে নতুন করে জটিল করে তোলে। নিরাপত্তার স্বার্থেই কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বিক্ষোভের দিনেই প্রীতি গ্রুপের কারখানায় আগুন
শ্রমিক অসন্তোষের মধ্যেই বিকেলে আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বহুতল ভবনের একটি স্টোরকক্ষে আগুনের সূত্রপাত হয়।
কারখানার বাইরে ঘন ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্টোরকক্ষের বাইরে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহতও হননি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দিনভর বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের পরও সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। কিন্তু একের পর এক শ্রমিক অসন্তোষ এবং নিরাপত্তাজনিত উদ্বেগে পুরো শিল্পাঞ্চলজুড়েই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




