Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, বন্ধ টোল আদায়

প্রকাশিত: ০৯:৫১, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, বন্ধ টোল আদায়

ছবি সংগৃহীত

রাতের নীরবতা ভেঙে বৈঠা হাতে হাজারো মানুষের অবস্থান, মুহুর্মুহু স্লোগান আর ককটেল বিস্ফোরণের শব্দে উত্তপ্ত হয়ে ওঠে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত। শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার (০৯ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক ১টার দিকে কর্মসূচির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ একাধিক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে বৈঠা নিয়ে কয়েক হাজার মানুষ দক্ষিণ টোলপ্লাজার সামনে জড়ো হয়েছেন। সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকার দৃশ্যও ভিডিওতে উঠে আসে।

এর প্রভাব পড়ে সেতুর দুই প্রান্তে। টোল আদায় বন্ধ থাকায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয় এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভিডিওতে একাধিক গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। বিস্ফোরণ ও ভাঙচুরে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্দোলনকারীদের কণ্ঠে শোনা যায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে বিভিন্ন দিক থেকে লোকজন অবরোধস্থলের দিকে আসতে শুরু করেন। এ সময় পদ্মা সেতু (দক্ষিণ) থানার প্রধান ফটকে তালা লাগিয়ে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Walton
Walton