Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩৩, সোমবার ০৯ নভেম্বর ২০২৬

রয়টার্সের তথ্য: পাসপোর্টের জন্য হাসিনার আবেদন, ফেরার জল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

রয়টার্সের তথ্য: পাসপোর্টের জন্য হাসিনার আবেদন, ফেরার জল্পনা

ছবি সংগৃহীত

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিতে নাগরিকত্বের ভিত্তিতে দুটি নথি পুনরায় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। দেশে ফেরার প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা।

বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে এবার নাগরিক পরিচয়সংক্রান্ত নথি ফিরে পাওয়ার উদ্যোগ নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে আবেদন করেছেন। ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশি দূতাবাসে এ ধরনের এটিই তাঁর প্রথম আবেদন বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) পাঠানো চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন দুটি নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দিয়েছেন তাঁর আইনজীবীরা। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির অধীনে বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

নথিপত্র ফিরে পাওয়ার এই উদ্যোগের সঙ্গে দেশে ফেরার পরিকল্পনার বিষয়টিও সামনে এসেছে। এর আগে শেখ হাসিনা জানিয়েছিলেন, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। তাঁর সহযোগীদের বক্তব্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে দলটি ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন। পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির বহু নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

প্রায় ২০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের বিদ্যমান রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার যখন স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন রাজনৈতিক ও আইনি সমীকরণ তৈরি করতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়। ২০২৫ সালের নভেম্বরে ওই মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশত্যাগের পর নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন এবং দেশে ফেরার সম্ভাব্য প্রস্তুতি-দুটি বিষয়ই এখন বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Walton
Walton