Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩৩, সোমবার ০৯ নভেম্বর ২০২৬

গুলশানে পরীমনির গাড়িতে হামলা, লাইভে ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ১০:০১, ৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গুলশানে পরীমনির গাড়িতে হামলা, লাইভে ক্ষোভ প্রকাশ

চিত্রনায়িকা পরীমনি ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর দাবি, অনুষ্ঠান শেষে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে গুলশান থানার সহায়তাও চান এই অভিনেত্রী।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে পরীমনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর তিনি এ পরিস্থিতির শিকার হন। তাঁর ভাষ্য, অনুষ্ঠান শেষে হঠাৎ একজন উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ কারণে গাড়িতে উঠতে না পেরে অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে অবস্থান করছিলেন তিনি।

লাইভে পরীমনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাঁকে গুলশান থানায় ফোন করতে হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও জানান তিনি। শুধু নিজের গাড়ি নয়, অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদেরও হেনস্তার অভিযোগ করেন এই অভিনেত্রী।

ঘটনার পেছনে তথাকথিত ‘ইয়েলো জার্নালিজম’ ও সাংবাদিকতার পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দায়ী করেন পরীমনি। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকলে সরাসরি আলোচনার মাধ্যমে তা মীমাংসার আহ্বানও জানান তিনি।

তবে ঘটনার সূত্রপাত ঘটে মঞ্চে তাঁর পারফরম্যান্সের সময়। পরীমনি নাচ পরিবেশন করার একপর্যায়ে দর্শকদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি অশালীন অঙ্গভঙ্গি বা ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এদিকে, পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের এটিই প্রথম ঘটনা নয়। গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান তিনি। আদালত থেকে বের হওয়ার সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ওই সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। পরবর্তী সময়ে ওই সাংবাদিককে হেনস্তা এবং তাঁর মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানায় দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন। পাশাপাশি পরীমনির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানোর ঘটনাও আলোচনায় আসে।

গুলশানের ফ্যাশন শোর ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হওয়ায় পরীমনিকে নিয়ে আলোচনা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Walton
Walton