ছবি সংগৃহীত
ছয়টি গ্রাম পুনরায় সদর উপজেলার সঙ্গে যুক্ত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
একই সঙ্গে আখাউড়া স্থলবন্দর সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধে অংশ নেওয়া অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল-এই ছয়টি গ্রাম আলাদা করা হয়। পরে এসব গ্রাম নিয়ে বরিশল নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশ করা হয়।
শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, গ্রামগুলোকে আবারও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সঙ্গে যুক্ত করতে হবে।
এর মধ্যে সম্প্রতি বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নকে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।
নতুন উপজেলা গঠনের প্রস্তাবের পেছনে জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।
অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।




