ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরে চলতি নভেম্বর মাসে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও, বিশেষ করে নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। প্রধান নদ-নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনাও রয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে নভেম্বরে ঢাকায় ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেটে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহীতে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনায় ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে, ৩৫ থেকে ৪০ মিলিমিটার। আর সবচেয়ে কম বৃষ্টি হতে পারে রংপুরে, ৪ থেকে ৮ মিলিমিটার।
এদিকে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।




