ইয়েমেনি বাহিনী হুথিদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছে। ছবি সংগৃহীত
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার এবং দেশটির শাসক হিসেবে স্বীকৃতি দাবি করেছে-ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদন সরাসরি নাকচ করেছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।
বুধবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং ইয়েমেনের শাসক হিসেবে স্বীকৃতি চেয়েছে। বিনিময়ে তারা সংঘাত বন্ধ করতে রাজি বলে প্রতিবেদনে দাবি করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিবিষয়ক উপমন্ত্রী রায়েদ ক্রিমলি বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটির কোনো সত্যতা নেই। পত্রিকাটির প্রতিবেদক কিংবা তাঁদের কথিত সূত্রগুলো এসব তথ্য বানিয়ে প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্রিমলি হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, দেশটির জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া এবং জাতীয় স্বার্থবিরোধী সংঘাত ও বিদেশি স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে ইয়েমেনকে জড়িয়ে ফেলার অভিযোগ তোলেন।
তিনি আরও বলেন, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোকেও তারা লক্ষ্যবস্তু করেছে। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ প্রত্যাখ্যান করে আসছে গোষ্ঠীটি।
সৌদি কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইয়েমেনের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ইতিমধ্যে রয়েছে। দেশটির শাসনক্ষমতা নিয়ে হুতিদের কোনো দাবিকে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন নেই।
উল্লেখ্য, ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতে হুতি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে বিরোধের পাশাপাশি সৌদি আরবও গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে জড়িয়ে রয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা আন্তর্জাতিক নৌ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
তবে ৫১ বিলিয়ন ডলার ও রাজনৈতিক স্বীকৃতির দাবিসংক্রান্ত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের পক্ষে এখন পর্যন্ত সৌদি পক্ষের বক্তব্যের বাইরে কোনো স্বাধীন প্রমাণ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আরব নিউজ




