Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২১ ১৪৩৩, শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

বাজারে শিম-ফুলকপি এলেও চড়া কিছু সবজির দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বাজারে শিম-ফুলকপি এলেও চড়া কিছু সবজির দাম

ছবি সংগৃহীত

শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কিছু পণ্যের দাম কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি আর মুলার মতো মৌসুমি সবজি আসতে শুরু করায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে স্বস্তিটা পুরো বাজারে নেই। টমেটো, কাঁচামরিচ, গাজর আর গোল বেগুনের মতো কয়েকটি সবজির দাম এখনো বেশ চড়া।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরা ও বাড্ডা এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে শীতের সবজি বাড়লেও কিছু পণ্য এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। ফুলকপি পিসপ্রতি ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা আর মুলা ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধুন্দল, ঝিঙা আর মেটে আলু মিলছে ৬০ টাকায়। জাত ও আকারভেদে বেগুনের দাম ৪০ থেকে ৭০ টাকা হলেও গোল বেগুন উঠেছে ১২০ টাকায়।

অন্যদিকে টমেটো আর কাঁচামরিচের কেজি ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। গাজর ১৪০ টাকা কেজি। দেশি শসা ৮০ টাকা আর হাইব্রিড শসা ৬০ টাকা। ঢ্যাঁড়শ ও কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি, করলা আর কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা। লাউ পিসপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা, আর আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উত্তরার আজমপুর সমবায় মার্কেটের বিক্রেতা জাফর বলেন, শীতকালীন সবজির সরবরাহ এখন অনেক বেড়েছে। তাই কয়েকটি সবজির দাম কমেছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও নামতে পারে। আরেক বিক্রেতা সোহাগ মিয়া বলেন, এখনো সব ধরনের শীতের সবজি পুরোপুরি আসেনি। বাজারে আরও পণ্য উঠলে দাম আরও কমবে।

সবজিতে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ মাছ। প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা। কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা, আর পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম এখনো চড়া-মান ও আকারভেদে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা, কোথাও কোথাও ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

মাংসের বাজারেও একই অবস্থা। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি ২৪০ থেকে ৩৩০ টাকা, গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, আর খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির তথ্যেও বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, পোলাও চাল আর আমদানি করা আদার দাম কিছুটা কমেছে। তবে প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল আর চিনির দাম বেড়েছে। বাকি বেশির ভাগ পণ্যের দাম প্রায় একই আছে।

Walton
Walton