Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২০ ১৪৩৩, শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

মাউন্ট এলব্রুসে বাংলাদেশ–রাশিয়া মৈত্রী অভিযাত্রার সাফল্য উদযাপন

প্রকাশিত: ০০:০৩, ৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মাউন্ট এলব্রুসে বাংলাদেশ–রাশিয়া মৈত্রী অভিযাত্রার সাফল্য উদযাপন

ছবি: সংগৃহীত

আজ ৫ নভেম্বর ২০২৬, ঢাকাস্থ রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রেস মিট, ফ্ল্যাগ-ইন অনুষ্ঠান এবং স্থিরচিত্র প্রদর্শনী। ইউরোপ ও রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে সফল বাংলাদেশ–রাশিয়া মৈত্রী অভিযাত্রা “অ্যাশেস অ্যান্ড আইস: দ্য ডরম্যান্ট জায়ান্ট এক্সপেডিশন ২০২৬” উদযাপন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মূল সংবাদ সম্মেলন পরিচালনা করেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)-এর প্রতিষ্ঠাতা জনাব এনাম আল হক।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ সফলভাবে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণকারী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল তাঁর অভিযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। একটি প্রেজেন্টেশন এবং বিশেষ ভিডিওচিত্রের মাধ্যমে তিনি পুরো অভিযানের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জের গল্প সবার সামনে উপস্থাপন করেন। প্রচণ্ড তুষারপাত, হাড়কাঁপানো ঠান্ডা বাতাস এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি ও তাঁর সহ-অভিযাত্রীরা সফলভাবে পর্বতশৃঙ্গে পৌঁছাতে সক্ষম হন। তাঁর বক্তব্যে এই অভিযাত্রায় সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিল।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত ছিল মাউন্ট এলব্রুসের চূড়ায় ওড়ানো বাংলাদেশের জাতীয় পতাকাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর। দেশের পর্বতারোহণের ইতিহাসে এই অর্জন একটি বিশেষ স্মারক হয়ে থাকবে।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঢাকাস্থ রাশিয়ান হাউসের গ্যালারিতে আয়োজিত বিশেষ স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন। ঢাকাস্থ রাশিয়ান হাউসের ডিরেক্টর মিস অ্যালেক্সান্ড্রা এ. খ্লেভনয় সম্মানিত অতিথিবৃন্দ ও পর্বতারোহী শাকিলকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং এই চ্যালেঞ্জিং অভিযাত্রার বিভিন্ন দুর্লভ ও স্মরণীয় মুহূর্তের স্থিরচিত্র প্রত্যক্ষ করেন।

এই সফল পর্বত অভিযান অদম্য ইচ্ছাশক্তি, সাহস, অধ্যবসায় এবং আন্তর্জাতিক বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন। যৌথ অর্জন ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই অভিযাত্রা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Walton
Walton