Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৩ ১৪৩৩, শনিবার ০৮ আগস্ট ২০২৬

ঢাকাগামী বিমানে ত্রুটি :ইতালি বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ৮ আগস্ট ২০২৬

প্রিন্ট:

ঢাকাগামী বিমানে ত্রুটি :ইতালি বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী

ফাইল ছবি

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান।

গত শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিজি ৩০৬ ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী রয়েছে। ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে।

 
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট বিজি৩০৬ (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
 
ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। রোমে অবস্থানরত বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
 
অন্যদিকে বিজি৩০৫ এর নতুন প্রস্থানের সময় ৮ আগস্ট দুপুর ১টায় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।
 
সেইসঙ্গে বিজি৩০৬ এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারেন।
 
এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও যাত্রীদের অসুবিধার দুঃখ প্রকাশ করেছে বিমান।

Walton
Walton