Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা | ছবি: সংগৃহীত

গভীর রাতে সবাই যখন ঘুমে, তখনই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মাদ্রাসার লাইব্রেরিতে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় কক্ষ। ঘুম ভেঙে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লার এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ছয়জন, ধোঁয়ায় অসুস্থ হয়েছেন অন্তত ৪৫ জন। সব মিলিয়ে ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।

মাদ্রাসার শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার সময় অধিকাংশ শিক্ষার্থী ঘুমিয়ে ছিলেন। লাইব্রেরিতে থাকা বই ও আসবাবপত্রে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষে। ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা সমস্যায় আক্রান্ত হন অনেকে।

পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। দগ্ধ ছয় শিক্ষার্থী ছাড়াও ধোঁয়ায় অসুস্থ হওয়া বহু শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদের (১৭) নাম জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসা থেকে ৪৮ শিক্ষার্থীকে সেখানে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদেরও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগুনের খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ধারণা, দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরির বইপত্র ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন কীভাবে ছড়িয়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে তদন্ত চলছে।

Walton
Walton