Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

ছবি সংগৃহীত

২০২৭ সালের হজে আরও পাঁচ হাজার বাংলাদেশির সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সৌদি আরবের সঙ্গে নতুন হজ চুক্তিতে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত এই সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত হজযাত্রীর সুযোগ চাওয়া হলে সৌদি মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও পাঁচ হাজার আসন বরাদ্দে সম্মতি দেন। এতে আগামী বছরের হজে বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন যাওয়ার সুযোগ পাচ্ছেন।

হজযাত্রীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর সীমিত ধারণক্ষমতা একটি বড় বিবেচ্য বিষয়। আলোচনায় এই অবকাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গও উঠে আসে। তারপরও বাংলাদেশের জন্য ভবিষ্যতে আরও সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

ধর্মমন্ত্রী আরও জানান, কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত সুযোগ বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে। বাংলাদেশের অনুরোধের জবাবে সৌদি মন্ত্রীর আশ্বাস ছিল, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। একই সঙ্গে কোটা বৃদ্ধিতে সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হজ ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হাজিদের ভোগান্তি কমানো, সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Walton
Walton