Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩৩, সোমবার ০৯ নভেম্বর ২০২৬

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন। সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এসব তথ্য জানান।

প্রস্তাবিত মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এ ছাড়া একেবারে নতুন বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

এদিকে সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবস সময় চেয়েছে। তবে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। এই সময়ের মধ্যে মালিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্র্নিধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় ৪ নভেম্বর। ওই সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়। সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকেরা।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

Walton
Walton