Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩৩, সোমবার ০৯ নভেম্বর ২০২৬

আলোচনা এগোলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

প্রকাশিত: ১০:২১, ৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আলোচনা এগোলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে আলোচনা এগিয়ে গেলে দেশটিতে নতুন করে হামলা চালানোর নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দুই দেশের মধ্যে কী ধরনের চুক্তি হয়, তার ওপর। একই সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশে একাধিক জাহাজে হামলা এবং বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

রোববার (৮ নভেম্বর ) টেলিফোনে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শক্তিশালী কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কি না, তার ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।

তিনি বলেন, ‘তারা খুব শক্তিশালী একটি চুক্তিতে সই করবে কি না, বিষয়টি তার ওপর নির্ভর করছে।’ নতুন করে হামলার প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।’

তবে সিএনএন ট্রাম্পকে ঠিক কী প্রশ্ন করেছিল, তা প্রতিবেদনে স্পষ্ট করেনি। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামলা আবার শুরু হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ৩৮টি সেতুও রয়েছে। ট্রাম্পের দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যে এসব সেতু ধ্বংস করে দেওয়া সম্ভব।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বড় ধরনের সামরিক হামলা আবারও শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় কোনো সামরিক অভিযানের লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে।

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, বাড়ছে উত্তেজনা
ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা কমার ইঙ্গিত মিললেও হরমুজ প্রণালিতে পরিস্থিতি শান্ত হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরান-দুই পক্ষই ওই জলপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর খবর জানিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

শনিবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, এসব বিস্ফোরণের সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলার সম্পর্ক থাকার চেয়ে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক থাকার সম্ভাবনাই বেশি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কেশম দ্বীপসহ হরমুজ প্রণালির আশপাশের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কর্মকর্তারা কোনো নিশ্চিত তথ্য দেননি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির খবরে বলা হয়, সন্ধ্যার বিস্ফোরণগুলো হরমুজ প্রণালিতে ইরানের সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। ইরানের দাবি, ওই জলপথে দুটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে এবং তৃতীয় একটি জাহাজে আগুন ধরে যায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালির বাইরে ওমান উপসাগরে তাদের বিমানবাহিনী একটি জাহাজ অচল করে দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সরকারি কোনো তথ্য পাওয়া যায়নি। ইরান ও যুক্তরাষ্ট্র-কোনো পক্ষই এ প্রতিবেদন নিয়ে মন্তব্য করেনি।

এর আগে ২ নভেম্বর ওয়াশিংটন জানিয়েছিল, কেশম দ্বীপে সীমিত পরিসরে একটি প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়েছে। মার্কিন সম্পদের বিরুদ্ধে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারকারী ইরানি বাহিনীকে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের।

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল, ট্যাংকারে আগুন
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা ক্রমেই বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করতে ইরান ওই প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। এর জবাবে এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজের চলাচল অবরোধ করতে শুরু করে মার্কিন বাহিনী।

শনিবার সন্ধ্যায় মার্কিন সামরিক বাহিনী জানায়, ওমান উপসাগরে অবরোধ অতিক্রমের চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজের পেছনের অংশে বিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি চলাচলের ক্ষমতা হারায়।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। পরে আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, তৃতীয় একটি ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগে।

তবে এসব হামলা ও ক্ষয়ক্ষতির কোনো ঘটনাই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান শহর থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল পূর্বে ওমান উপসাগরে একটি বাল্কবাহী জাহাজ ও সামরিক বাহিনীকে ঘিরে একটি ঘটনা ঘটেছে। এতে জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। ঘটনাটি যুক্তরাষ্ট্রের কথিত হামলার সঙ্গে সম্পর্কিত কি না, সেটিও স্পষ্ট নয়।

রিয়াদে সৌদি আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত
ইরানকে ঘিরে সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যকার সংঘাত চলতি মাসে আরও তীব্র হয়েছে। এতে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর রিয়াদে অবস্থিত একটি প্রশাসনিক ভবন হামলার চেষ্টার পর ভেঙে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পরমাণু চুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতা
বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করা এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে কাতার। তবে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি বলে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছে দোহা।

কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি পরমাণুবিষয়ক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে আলোচনা এগিয়ে নেওয়ার আগে ইরানের সাতটি দাবি পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা, বিদেশে আটকে থাকা সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। অন্যদিকে ওয়াশিংটন শুরু থেকেই বলছে, আলোচনার প্রথম পর্যায়েই পরমাণু কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

ইরানের ওপর চাপ বাড়াতে নতুন মার্কিন উদ্যোগ
কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

শনিবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে দেশটিতে উন্নত অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য সামগ্রী প্রবেশ বন্ধ করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

তেহরানের ওপর চাপ বাড়াতে নেওয়া বৃহত্তর অর্থনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

তবে মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব দিতে নারাজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তারা এ উদ্যোগকে ‘শব্দের খেলা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, ইরান আগে থেকেই এ ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। ফলে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা কার্যকর হবে না।

ট্রাম্প আপাতত নতুন হামলার সম্ভাবনা কম বলে জানালেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, ইরানের পরমাণু কর্মসূচি এবং দুই দেশের পাল্টাপাল্টি শর্তের কারণে সংঘাতের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। একদিকে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক চাপ-দুই পথেই এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান।
সূত্র: আরব নিউজ

Walton
Walton