Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, মন খারাপ ভক্তদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, মন খারাপ ভক্তদের

ছবি সংগৃহীত

একটি ধারাবাহিকের শেষ শুটিং, অথচ ক্যামেরার সামনে দাঁড়াতেই মন চাইছিল না নির্মাতা কাজল আরেফিন অমির। কারণ, তাঁর কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি নাটক নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ প্রায় নয় বছরের যাত্রা শেষে এবার পর্দা নামতে যাচ্ছে তরুণ দর্শকদের জনপ্রিয় এই ধারাবাহিকের।

সোমবার (৯ নভেম্বর) শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। এর মধ্য দিয়ে বহুল আলোচিত সিরিজটির নির্মাণপর্বের সমাপ্তি ঘটল। শেষ দিনের শুটিং ঘিরে নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পী ও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে অমি জানান, জীবনে প্রথমবার শুটিংয়ে যেতে তাঁর ইচ্ছা করছিল না। শুটিংয়ে গেলেই যেন সবকিছু শেষ হয়ে যাবে-এমন অনুভূতি কাজ করছিল তাঁর মধ্যে।

নির্মাতার ভাষায়, ‘ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। সময়ের সঙ্গে চরিত্রগুলোর সংলাপ, হাস্যরস ও বিচিত্র সব কাহিনি জায়গা করে নেয় দর্শকদের দৈনন্দিন বিনোদনে। একে একে চারটি সিজন পেরিয়ে পঞ্চম সিজনেও জনপ্রিয়তা ধরে রাখে সিরিজটি।

পঞ্চম সিজনের ১৬তম চ্যাপ্টার ইতোমধ্যে মুক্তি পেয়েছে। এবার ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সিজনটির যাত্রা। শেষ পর্বটি কবে দর্শকদের সামনে আসবে, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয়তার অন্যতম কারণ এর পরিচিত ও স্বতন্ত্র চরিত্রগুলো। কাবিলা, পাশা, অন্তরসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার।

এ ছাড়া মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে অভিনয় করেছেন ধারাবাহিকটিতে। তাঁদের অভিনয় ও চরিত্রের বৈচিত্র্য সিরিজটিকে আলাদা পরিচিতি দিয়েছে।

প্রায় নয় বছরের এই পথচলার শেষ প্রান্তে এসে নির্মাতার আবেগই যেন বলে দিচ্ছে, দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু পর্দার গল্প ছিল না; ছিল হাসি, পরিচিত মুখ আর অসংখ্য স্মৃতির এক দীর্ঘ অধ্যায়।

Walton
Walton