Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

ইরানের সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:২৮, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ইরানের সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তাঁর বক্তব্য, ওয়াশিংটনের এখন উচিত কাল্পনিক আলোচনা নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো বন্ধ করে তেহরানের শর্ত মেনে নেওয়া। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় নতুন আঞ্চলিক বাস্তবতাও স্বীকার করতে হবে।

সোমবার (০৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধ ইতিমধ্যে মার্কিন প্রশাসনকে বড় সংকটের মুখে ফেলেছে। কিন্তু হোয়াইট হাউস পরিস্থিতি মেনে নেওয়ার পরিবর্তে মরিয়া অবস্থান ধরে রেখেছে।

ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কাল্পনিক আলোচনার নামে ভুয়া খবর প্রচার বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পশ্চিম এশিয়ায় নতুন শক্তির বিন্যাস অস্বীকার না করে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের ঘোষিত সাতটি শর্ত মেনে নেওয়ার সময় এসেছে।

রেজায়ি তাঁর বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মার্কিন সরকারকে ইতিমধ্যে বিপর্যস্ত করেছে। অথচ ওয়াশিংটন এখনো মরিয়া হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রকে এবার পিছু হটতে হবে, কাল্পনিক আলোচনা নিয়ে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে এবং পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা মেনে নিতে হবে।

ইরানের সাত শর্তে যা রয়েছে
গত সেপ্টেম্বরে কাতারসহ কয়েকটি আঞ্চলিক দেশের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে প্রথম আনুষ্ঠানিকভাবে সাত দফা শর্ত তুলে ধরে তেহরান। এসব শর্তের মধ্যে রয়েছে-

১. সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ করা। এর আওতায় লেবানন, গাজা ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের বিষয়টিও রয়েছে।

২. বিদেশে আটকে থাকা ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা।

৩. ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করা।

৪. অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

৫. পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার করা।

৬. যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়া।

৭. ইরানের বিরুদ্ধে হুমকি ও অবমাননাকর বক্তব্য বন্ধ করা।

ইরানি কর্মকর্তাদের বক্তব্য, সাতটি শর্তের প্রতিটির সঙ্গে আরও কিছু সুনির্দিষ্ট বিষয় জড়িত রয়েছে। এসব শর্ত বাস্তবায়নের আগে হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা নতুন করে আলোচনায় বসার প্রশ্নই আসে না।

পুরোনো আলোচনার পথে ফিরতে নারাজ তেহরান
অতীতের কূটনৈতিক উদ্যোগগুলোকে ব্যর্থ হিসেবে দেখছে ইরান। তেহরানের দাবি, ইসলামাবাদে হওয়া সমঝোতাসহ আগের কয়েক দফা আলোচনায় যুক্তরাষ্ট্র বারবার চুক্তি থেকে সরে এসেছে। এমনকি সমঝোতার পরও হামলা চালিয়েছে ওয়াশিংটন। এ কারণে আগের ব্যর্থ কূটনৈতিক কাঠামোয় ফিরে যেতে রাজি নয় ইরান।

এর আগে রেজায়ি বলেছিলেন, ইরানের সাত শর্তের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের দেওয়া সেই জবাবকে পর্যাপ্ত মনে করছে না তেহরান। বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে, যেগুলোর সুরাহা প্রয়োজন।

ইরানের অবস্থান অনুযায়ী, এসব বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দেশটির নিয়ন্ত্রণেই থাকবে। নতুন ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে সমন্বয় করে প্রণালিটি পরিচালনার পরিকল্পনা রয়েছে তেহরানের। ইরানের দাবি, এই ব্যবস্থার লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা; কোনো বিদেশি শক্তির স্বার্থ রক্ষা নয়।

পশ্চিম এশিয়ায় বাড়ছে উত্তেজনা
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয়, রেজায়ির বক্তব্য এসেছে তারই ধারাবাহিকতায়। ইরানের দাবি, দেশটির সামরিক বাহিনী নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনা ও স্বার্থের ওপর চাপ সৃষ্টি করেছে। তেহরানের মতে, এই সংঘাত বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বাইরে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার বিকাশকেও ত্বরান্বিত করছে।

ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীসহ প্রতিরোধ অক্ষের অন্যান্য পক্ষও এই সংঘাতে সক্রিয় রয়েছে। ইরানের বক্তব্য, ইয়েমেনের এই বাহিনী নিজেদের সার্বভৌমত্ব ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান ধরে রেখেছে। তেহরানের দাবি, আঞ্চলিক প্রতিরোধের বিস্তার পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের সীমাবদ্ধতা সামনে এনেছে।

মেজর জেনারেল রেজায়ি একাধিকবার বলেছেন, যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে, সেই সিদ্ধান্ত নেবে তেহরান; ওয়াশিংটন নয়। ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকলেও নিজেদের অধিকার স্বীকৃতি দেওয়ার ভিত্তিতে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায়।

তেহরানের ঘোষিত নতুন আঞ্চলিক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে নিজস্ব সক্ষমতায় নিরাপত্তা নিশ্চিত করা, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং পশ্চিম এশিয়া থেকে বিদেশি সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়া। যুক্তরাষ্ট্র এই বাস্তবতা মেনে নিক বা না নিক, এমন ব্যবস্থার দিকে অঞ্চলটি এগোচ্ছে বলে দাবি ইরানের।

Walton
Walton