ছবি: সংগৃহীত
পেরুর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক এলাকা নাজকা লাইনসের কাছে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নাজকা পৌরসভার পক্ষ থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি পর্যটকদের নিয়ে শত শত বছর পুরোনো বিখ্যাত 'নাজকা লাইনস' ওপর দিয়ে আকাশপথে ঘুরিয়ে দেখানোর জন্য আকাশে উড্ডয়ন করেছিল। নাজকা শহরের অদূরে একটি ফাঁকা মাঠে বিমানটি আছড়ে পড়ে।
পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা ১৩ জনের মধ্যে ১১ জনই ছিলেন বিদেশি পর্যটক এবং বাকি দুইজন ক্রু সদস্য।রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দিনার প্রতিবেদন অনুযায়ী, নিহত পর্যটকদের মধ্যে ২ জন জার্মান, ২ জন স্প্যানিশ এবং ৭ জন ইতালির নাগরিক ছিলেন।
বিমানটি পাশের ইকা শহর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি পেরুভিয়ান আকাশসেবা প্রতিষ্ঠান অ্যারোডিয়ানা কর্তৃক পরিচালিত হতো।এয়ারলাইন্সটির ওয়েবসাইটের তথ্যমতে, তারা গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমানের মাধ্যমে নাজকা লাইনসের ওপর দর্শনার্থীদের নিয়ে ফ্লাইট পরিচালনা করে আসছে।
নাজকা লাইনস পেরুর একটি বিখ্যাত ঐতিহাসিক এলাকা। এটি শত শত বছর আগে পেরুর প্রাচীন আদিবাসীদের দ্বারা মরুভূমির বুকে অাঁকা বিশালাকার কিছু ভূ-রেখাচিত্র। সেখানে জ্যামিতিক নকশার পাশাপাশি বিভিন্ন প্রাণীর ছবি আঁকা রয়েছে, যা কেবল উঁচুতে উড়োজাহাজ বা ওয়াচটাওয়ার থেকেই পরিষ্কারভাবে দেখা যায়।
পেরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। সূত্র: এনডিটিভি




