ছবি সংগৃহীত
জলবায়ু সংকট মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গড়তে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। তাঁদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে জলবায়ু ন্যায়বিচার এবং বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যহীন বিশ্ব গড়ার লক্ষ্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর আয়োজনের ফাঁকে তাঁদের এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন দুই নারী। পরিবেশ সুরক্ষার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়েও তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে বর্জ্য উৎপাদন কমানো, সম্পদের কার্যকর ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনব্যবস্থা গড়ে তোলার বৈশ্বিক উদ্যোগ ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য অর্জনে সহযোগিতার গুরুত্ব আলোচনায় স্থান পায়।
সাক্ষাতের পর এমিনে এরদোয়ান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করেন। এর মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু অংশীদারত্বের বিষয়ে তাঁর অবস্থানও পুনর্ব্যক্ত করেন তুরস্কের ফার্স্ট লেডি।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বৈঠকে জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং কপ-৩১-এর ক্লাইমেট চ্যাম্পিয়ন সামেদ আগিরবাস উপস্থিত ছিলেন।
একই দিনে আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দেশের শীর্ষ পর্যায়ের এই যোগাযোগের পাশাপাশি জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের পরিবেশবিষয়ক আলোচনা জলবায়ু সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। বিশেষ করে জলবায়ু ন্যায়বিচার ও বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের বিষয়টি তাঁদের আলোচনায় গুরুত্ব পেয়েছে।




