যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত থামিয়ে দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমতি না নেওয়া, সংবিধান লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনা প্রস্তাবের পরবর্তী ধাপ আটকে যাওয়ায় রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছেন পেন্টাগনপ্রধান।
মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে অভিশংসনসংক্রান্ত প্রক্রিয়াগত প্রস্তাবটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস জুডিসিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ফলে বুধবার হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে নির্ধারিত ভোট আর অনুষ্ঠিত হওয়ার সুযোগ থাকেনি।
এই অভিশংসন উদ্যোগের উদ্যোক্তা কেনটাকির বিদায়ী রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত এই আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে আটটি অভিশংসন ধারা উত্থাপন করেছিলেন।
ম্যাসির অভিযোগের কেন্দ্রে ছিল ইরান যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমোদন না নেওয়া, সংবিধান লঙ্ঘন এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহার। হেগসেথের নীতিতে অসন্তুষ্ট রিপাবলিকানদের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন আইনপ্রণেতারাও তাঁর প্রস্তাবের পক্ষে আসবেন বলে আশা করেছিলেন ম্যাসি। শেষ পর্যন্ত কোনো রিপাবলিকান সদস্য তাঁর সঙ্গে যোগ দেননি।
প্রস্তাবটির প্রতি ডেমোক্র্যাটদের সমর্থন ছিল জোরালো। কিন্তু দলটির ১১ জন সদস্য ভোট দেননি। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। ডেমোক্র্যাটদের আটজন অনুপস্থিত না থাকলে প্রক্রিয়াগত প্রস্তাবটি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে অভিশংসনের বিষয়ে পূর্ণাঙ্গ ভোটাভুটির পথ তৈরি হতে পারত।
ভোটে অনুপস্থিত থাকার কারণ জানতে রয়টার্স পেলোসির দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রস্তাবের ওপর ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে হেগসেথ অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে আখ্যা দেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে নিজের ভূমিকার পক্ষে অবস্থান তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যের প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ভোটের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তি প্রকাশ করেন ট্রাম্প। হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।
ইরান, ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথের ভূমিকার প্রশংসা করে তাঁকে একজন ‘মহান মার্কিন দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিনিধি পরিষদের সিদ্ধান্তে আপাতত অভিশংসন প্রক্রিয়া থেমে গেলেও রাজনৈতিক বিতর্কের অবসান হয়নি। আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে হেগসেথের বিরুদ্ধে নতুন করে অভিশংসনের উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে বর্তমান ভোটে পেন্টাগনপ্রধান সাময়িক স্বস্তি পেলেও তাঁর দায়িত্ব পালন ও ইরান যুদ্ধ পরিচালনা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক বিতর্ক সামনে আরও গড়াতে পারে।




