ছবি সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মিনিটের একটি ভিডিও শেষ পর্যন্ত হয়ে উঠল গ্রিসে বসবাসের বৈধতা হারানোর কারণ। বাংলাদেশি যুবক মো. হাসানের বিরুদ্ধে অভিযোগ, টিকটকে দেওয়া ভিডিওতে তিনি গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়াই কাজ ও বসবাসের সুযোগ রয়েছে বলে প্রচার করেছিলেন। ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসার পর বাতিল হয় তাঁর রেসিডেন্স পারমিট, প্রত্যাখ্যাত হয় আশ্রয়ের আবেদন। শেষ পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীর সঙ্গে বিশেষ ফ্লাইটে তাঁকেও দেশে ফেরত পাঠানো হয়েছে।
গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, দুই দেশের মোট ৫০ জনকে নিয়ে বিশেষ চার্টার ফ্লাইট পরিচালনা করেছে দেশটির সরকার। অনিয়মিত অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন।
গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিতর্কের কেন্দ্রে থাকা ভিডিওটি প্রকাশিত হয়েছিল গত জুনে। সেখানে ২৭ বছর বয়সী হাসানকে নাফপ্লিও শহরে কাজের সুযোগের কথা বলতে শোনা যায়। তাঁর বক্তব্য ছিল, যাঁদের বৈধ কাগজপত্র নেই, তাঁদেরও সেখানে যেতে সমস্যা হবে না।
ভিডিওতে তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাঁদের খুঁজে পাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক প্রশাসনের নজরে আসে।
এরপর তদন্তে নামে দেশটির পুলিশ। ভিডিওটির সূত্র ধরে হাসানকে শনাক্ত করার পর তাঁর বিরুদ্ধে অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হয়। বাতিল করা হয় আগের রেসিডেন্স পারমিট এবং নাকচ করা হয় আশ্রয়ের আবেদন।
মৌলভীবাজারের বাসিন্দা হাসান প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় দেশটিতে বসবাসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও তাঁর অভিবাসন-সংক্রান্ত অবস্থানকে অনিশ্চিত করে তোলে।
ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নতুন উদ্বেগ তৈরি করেছে। গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের একাংশের অভিযোগ, অনলাইনে জনপ্রিয়তা অর্জনের আশায় কেউ কেউ অবৈধভাবে ইউরোপে প্রবেশ ও বসবাসের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
এ ধরনের প্রচারণা শুধু অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিতে ফেলছে না, গ্রিসে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন প্রবাসীদের অনেকে।
একটি টিকটক ভিডিওকে ঘিরে শুরু হওয়া বিতর্ক তাই এখন আর একজন হাসানের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইউরোপে বৈধভাবে বসবাসের চেষ্টা করা বাংলাদেশিদের জন্যও ঘটনাটি সতর্কবার্তা হয়ে উঠেছে।




