জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি ছবি সংগৃহীত
মিয়ানমারের সংঘাত, রাখাইনের মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা সরেজমিনে মূল্যায়ন করতে আজ বুধবার ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। সাত দিনের এই সফরে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মিয়ানমারের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন তিনি।
জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন কেলি কারি। সফরের প্রধান লক্ষ্য মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব পর্যালোচনা করা।
বিশেষ করে রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা তাঁর পর্যবেক্ষণের কেন্দ্রে থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে মানবিক ও অন্যান্য সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি।
মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, কেলি কারির সফর আয়োজনের জন্য তারা প্রস্তুত নয়। ফলে মিয়ানমারের অভ্যন্তরে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ না পেয়ে বাংলাদেশ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করবেন তিনি।
ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন এবং শরণার্থীদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।
সফরকালে শুধু প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেই নয়, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার পরিস্থিতির ভুক্তভোগী এবং বিভিন্ন সহিংসতা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করবেন কেলি কারি। তাঁদের অভিজ্ঞতা ও বক্তব্য মিয়ানমারের পরিস্থিতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সফর শেষে আগামী ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ তুলে ধরবেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার।
এই সফরের ভিত্তিতে সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণ নিয়ে ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন তিনি। মিয়ানমারের মানবাধিকার সংকট এবং রোহিঙ্গাদের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের মূল্যায়নে ওই প্রতিবেদন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।




