Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৭ ১৪৩৩, বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: হুমায়ুন কবির

বাসস

প্রকাশিত: ০৭:৫৯, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:০৩, ১২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: হুমায়ুন কবির

ছবি সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে মূল্যায়ন করছেন বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং প্রধানমন্ত্রীর নির্বাচনি ম্যান্ডেট গুরুত্ব পাচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি দিনভর বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। সৌজন্য সাক্ষাৎ হয় ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও।

হুমায়ুন কবিরের দাবি, এসব সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনি ম্যান্ডেটের জন্য অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা।

ব্রাজিল-মালদ্বীপের সঙ্গে সম্পর্ক

ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতার বিষয়টি উঠে আসে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গুরুত্ব পায় আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান

ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিন সংকটের সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

লন্ডনের মেয়রের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র। সেই আগ্রহ থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

উজবেকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ ও ভিসা সহজীকরণ

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

চীনের বিনিয়োগে গুরুত্ব জ্বালানি ও অবকাঠামোয়

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় আসে।

বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনাও তুলে ধরা হয়। একই সঙ্গে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে ঢাকা।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে শুধু দ্বিপক্ষীয় উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা এবং বহুপক্ষীয় সহযোগিতা।

এরদোগানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আগের দিনের বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে সেখানে আলোচনা হয়েছে।

মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে।

কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এসব বৈঠকে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

Walton
Walton