Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৭ ১৪৩৩, বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

‘দ্য ওডিসি’র জন্য সম্মাননা পাচ্ছেন অ্যান হ্যাথাওয়ে

প্রকাশিত: ০৮:৪৪, ১২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

‘দ্য ওডিসি’র জন্য সম্মাননা পাচ্ছেন অ্যান হ্যাথাওয়ে

’দ্য ওডিসি’ (The Odyssey)-এর জন্য সান্তা বারবারা চলচ্চিত্র উৎসবে সম্মানিত হবেন অ্যান হ্যাথাওয়ে ছবি সংগৃহীত

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে সম্মানিত করতে যাচ্ছে সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমায় পেনেলোপ চরিত্রে অভিনয়ের জন্য ২০২৭ সালের উৎসবে তাঁকে দেওয়া হবে আমেরিকান রিভিয়েরা অ্যাওয়ার্ড।

আগামী ৩ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ আয়োজনে ৫ ফেব্রুয়ারি শুক্রবার অ্যান হ্যাথাওয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ উপলক্ষে তাঁর সম্মানে বিশেষ আয়োজনের পাশাপাশি সরাসরি একটি আলোচনা অনুষ্ঠানও থাকবে।

অভিনেত্রীর দীর্ঘ অভিনয়জীবন ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হচ্ছে। তবে এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পাবে নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমায় তাঁর অভিনয়।

উৎসবের নির্বাহী পরিচালক রজার ডার্লিং হ্যাথাওয়ের অভিনয়ের প্রশংসা করে বলেন, নোলানের সিনেমায় তাঁর অভিনয় ছিল অসাধারণ। এটি তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা কাজের একটি।

২০২৬ সালটি বেশ ব্যস্ততায় কাটছে হ্যাথাওয়ের। ‘দ্য ওডিসি’র পাশাপাশি এ বছর তাঁকে দেখা গেছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ এবং ‘ভেরিটি’ সিনেমায়।

আমেরিকান রিভিয়েরা অ্যাওয়ার্ডের পূর্ববর্তী বিজয়ীদের তালিকায় রয়েছেন ইথান হক, জো সালদানা, মার্ক রাফালো, ব্রেন্ডন ফ্রেজার, ক্রিস্টেন স্টুয়ার্ট, রেনে জেলওয়েগার, জেফ ব্রিজেস, রবার্ট রেডফোর্ড, মার্টিন স্করসেজি, কোয়েন্টিন টারান্টিনো ও সান্দ্রা বুলক।

এদিকে ২০২৭ সালের উৎসবে আরও কয়েকজন তারকাকে সম্মাননা দেওয়ার ঘোষণা এসেছে। জন মালকোভিচ পাচ্ছেন আউটস্ট্যান্ডিং পারফরমার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। অ্যান্ড্রু গারফিল্ডের হাতে উঠবে মার্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড।

অন্যদিকে ভার্চুওসো অ্যাওয়ার্ড পাচ্ছেন ক্যারি কুন, মারিয়ানা দি গিরোলামো, রোজালিন্ড এলিজার, জর্ডান ফার্স্টম্যান, অ্যান্থনি ইপোলিটো, জাফর জ্যাকসন, ইন্ডে নাভারেট ও কেট ও'ফ্লিন।

আসন্ন এই আয়োজন ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Walton
Walton