ছবি সংগৃহীত
রিজার্ভ থেকে কোটি কোটি ডলার বাজারে ছাড়ার পরও নিয়ন্ত্রণে আসছে না ডলারের দাম। বরং সরবরাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক উদ্যোগের মধ্যেই আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দর বেড়ে ১২৪ টাকা ৭৫ পয়সায় পৌঁছেছে। খোলাবাজারে একই মুদ্রা বিক্রি হচ্ছে ১২৮ টাকা ২০ পয়সা পর্যন্ত।
বৈদেশিক মুদ্রাবাজারে চাপ সামলাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকে বাংলাদেশ ব্যাংক। এর আগে বিভিন্ন পর্যায়ে বিক্রি করা হয়েছে ২২ কোটি ২০ লাখ ডলার। এতেও বাজারে প্রত্যাশিত স্বস্তি ফেরেনি।
বৃহস্পতিবার আন্তঃব্যাংকে প্রতি ডলারের গড় দর ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। আগের দিন এই দর ছিল ১২৪ টাকা ৬৫ পয়সা। অক্টোবরের শেষ দিনে ডলারের দাম ছিল ১২৩ টাকা ৯৯ পয়সা।
ব্যাংকারদের মতে, জ্বালানি আমদানির বাড়তি চাহিদা এবং ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বৃদ্ধি-দুই দিক থেকেই বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের প্রয়োজন মেটাতে স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে ডলার সংগ্রহ করতে হচ্ছে।
এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বৈদেশিক মুদ্রার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমদানি ব্যয়ের অন্যান্য খাতেও চাপ থাকায় বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের ব্যবধান বাড়ছে।
ব্যাংক ও খোলাবাজারে বাড়তি দামে ডলার
বৈদেশিক মুদ্রার বাজারে দামের ঊর্ধ্বগতি শুধু আন্তঃব্যাংক লেনদেনেই সীমাবদ্ধ নেই। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে বৃহস্পতিবার ব্যাংকগুলো প্রতি ডলার ১২৫ টাকা থেকে ১২৫ টাকা ১০ পয়সা দরে রেমিট্যান্স সংগ্রহ করেছে।
আমদানিকারকদের কাছেও ডলার বিক্রি হয়েছে ১২৫ টাকার বেশি দামে। খোলাবাজারে নগদ ডলারের দর আরও বেড়ে ১২৮ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
চলতি নভেম্বরের প্রথম ১১ দিনেই আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের গড় দর বেড়েছে ৭৬ পয়সা। মাসের শুরুতে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে।
অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংকে ডলারের দর ছিল ১২৩ টাকা। মাসজুড়ে বাড়তে বাড়তে শেষ কর্মদিবসে তা ১২৩ টাকা ৯৯ পয়সায় পৌঁছায়। নভেম্বরেও সেই প্রবণতা থামেনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর ডলারের দর ১২১ টাকা থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। সাম্প্রতিক সময়ে সেই স্থিতিশীলতা ভেঙে আবারও বাড়তে শুরু করেছে বিনিময় হার।
আমদানিতে বড় উল্লম্ফন, বাড়ছে ডলারের চাহিদা
চলতি অর্থবছরের প্রথম চার মাসের আমদানি পরিসংখ্যানেও বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধির চিত্র পাওয়া যাচ্ছে। এ সময়ে বিভিন্ন পণ্য আমদানির জন্য ২ হাজার ৯৭৮ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।
আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এলসি খোলার পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ। একই সময়ে আমদানি দায় নিষ্পত্তির পরিমাণ ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৬ কোটি ডলারে।
আমদানির এই বাড়তি প্রবণতার বিপরীতে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহও বেড়েছে। প্রথম চার মাসে রপ্তানি থেকে আয় এসেছে ১ হাজার ৭০৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি।
প্রবাসী আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। আলোচ্য সময়ে প্রায় ১৩ শতাংশ বেড়ে দেশে এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার।
রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও আমদানির চাহিদা, বিশেষ করে জ্বালানি খাতের ডলার প্রয়োজনীয়তা বৈদেশিক মুদ্রাবাজারে চাপ তৈরি করছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সরবরাহের পরও বাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকা সেই চাপেরই প্রতিফলন।




