মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি সংগৃহীত
ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত আটকে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি মিত্রদেশের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, সিদ্ধান্ত নিলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন কারখানাগুলো ধ্বংস করে দেওয়া সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন সাংবাদিক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখলেও আপাতত বড় ধরনের নতুন হামলার পথে হাঁটতে চাইছে না ওয়াশিংটন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে উপসাগরীয় মিত্রদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সৌদি আরবের অনুরোধের কথা উল্লেখ করে তিনি জানান, দেশটি চায় বর্তমান পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকুক। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও একই ধরনের অবস্থান সমর্থন করছে বলে দাবি করেন তিনি।
মিত্রদের এই কৌশলের সঙ্গে নিজের সম্পূর্ণ সম্মতি রয়েছে কি না, সে বিষয়ে অবশ্য সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, উপসাগরীয় দেশগুলোর অনুরোধ না থাকলে ইরানে আরও সামরিক অভিযান চালাতেন কি না।
জবাবে কোনো দ্বিধা না রেখেই তিনি বলেন, ‘হ্যাঁ, আমি চালাতাম।’
তিন দিনের মধ্যে ধ্বংসের হুঁশিয়ারি
ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে এখনো বড় ধরনের হামলা চালানো হয়নি বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, সামরিক সিদ্ধান্ত নেওয়া হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো অল্প সময়ের মধ্যেই অকার্যকর করে দেওয়া সম্ভব।
ট্রাম্পের দাবি, মাত্র এক দিনের মধ্যে ইরানের জ্বালানি খাত ও সেতুগুলো ধ্বংস করা সম্ভব। একই সময়ের মধ্যে দেশটির উৎপাদন সক্ষমতাও শেষ করে দেওয়ার হুমকি দেন তিনি।
এ ধরনের সামরিক অভিযান সম্পন্ন করতে সর্বোচ্চ তিন দিন লাগবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
তাঁর এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ব্যাপকতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নকে সামনে এনেছে।
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে নির্বাচনী ক্ষতির স্বীকারোক্তি
সাক্ষাৎকারে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর স্বীকারোক্তি, সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।
যুদ্ধের কারণে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিকভাবে তার প্রভাবের বিষয়টি উঠে এলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি তিনি।
বরং নিজের অবস্থানের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, উপসাগরীয় মিত্রদের অনুরোধে আপাতত বড় হামলা স্থগিত থাকলেও ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প তাঁর বিবেচনার বাইরে নয়।
সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের কৌশল নির্ধারণে সামরিক চাপ বজায় রাখা এবং আঞ্চলিক মিত্রদের অবস্থানের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট।




