Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩৩, রোববার ১৫ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে জিম্মি, টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮, ১৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে জিম্মি, টেকনাফে মানব পাচারের ভয়াবহ চিত্র

ছবি সংগৃহীত

বিদেশে ভালো চাকরি, উন্নত জীবনের স্বপ্ন কিংবা পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ঘর ছাড়ছেন মানুষ। কিন্তু তাঁদের অনেকের গন্তব্য হচ্ছে টেকনাফের দুর্গম পাহাড়ের অন্ধকার আস্তানা। সেখানে আটকে রেখে আদায় করা হচ্ছে মুক্তিপণ। পরে সুযোগ বুঝে ঠেলে দেওয়া হচ্ছে উত্তাল বঙ্গোপসাগরে। মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে পৌঁছানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও অনেকের ভাগ্যে জুটছে অনাহার, নির্যাতন, নিখোঁজ হওয়া কিংবা সলিলসমাধি।

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের তৎপরতা নতুন কোনো বিষয় নয়। পাহাড়ের গোপন আস্তানা থেকে উপকূলের বিভিন্ন পয়েন্ট পর্যন্ত বিস্তৃত রয়েছে তাদের কার্যক্রম। এই চক্রের শিকার হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

কাউকে চাকরির প্রলোভন দেখিয়ে আনা হচ্ছে, কাউকে বিদেশে উন্নত জীবনের আশ্বাস দেওয়া হচ্ছে। আবার অনেককে অপহরণ করে জিম্মি করার অভিযোগও রয়েছে। পরে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের পাশাপাশি সাগরপথে বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

পাহাড়ের আস্তানায় জিম্মি, মুক্তিপণ লাখ লাখ টাকা
গত ৫ নভেম্বর টেকনাফের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচার চক্রের ভয়াবহ তৎপরতার চিত্র সামনে আসে। সেখানে গোলাগুলির ঘটনায় এক সেনাসদস্য নিহত হন।

অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৭ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি রোহিঙ্গারাও ছিলেন। এ সময় পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

উদ্ধার হওয়া কয়েকজনের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাউকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে আনা হয়েছিল। পরে পাহাড়ের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা এবং বাড়িতে ফিরে যাওয়ার জন্য চার লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল। অর্থ আদায়ের জন্য মারধর ও শারীরিক নির্যাতনও চালানো হয়।

অভিযানেও থামছে না পাচারকারীদের তৎপরতা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও পাচারকারী চক্রগুলো কৌশল পরিবর্তন করে সক্রিয় রয়েছে। পাহাড়ে মানুষ আটকে রাখা থেকে শুরু করে উপকূল পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে একাধিক দল যুক্ত থাকার তথ্য পাওয়া যাচ্ছে।

২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা।

কক্সবাজার জেলায় ২০১২ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মানব পাচারের অভিযোগে ৪৬২টি মামলা হয়েছে। এত বিপুলসংখ্যক মামলা ও উদ্ধার অভিযানের পরও এই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গত দুই বছরে কোস্ট গার্ডের বিভিন্ন অভিযানেও সহস্রাধিক মানুষ উদ্ধার হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬৬ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ২৩ নারী, ২২ পুরুষ ও ২১ শিশু। তাঁদের অধিকাংশই রোহিঙ্গা। মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে পাহাড়ের গোপন আস্তানায় তাঁদের আটকে রাখা হয়েছিল।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া শাখার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মানব পাচার প্রতিরোধে বাহিনীর কার্যক্রম এখন আর শুধু সাগরে ট্রলার আটকানোর মধ্যে সীমাবদ্ধ নেই।

পাচারকারীরা যাতে মানুষকে নৌযানে তুলে গভীর সমুদ্রে পাঠাতে না পারে, সে জন্য উপকূলীয় অঞ্চল ও পাহাড়ের গোপন আস্তানাগুলোতেও নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।

মালয়েশিয়া-থাইল্যান্ড পাচারের প্রধান গন্তব্য
টেকনাফ থেকে সাগরপথে মানব পাচারের অন্যতম প্রধান গন্তব্য মালয়েশিয়া। অনেক ক্ষেত্রে থাইল্যান্ডকে মধ্যবর্তী গন্তব্য হিসেবে ব্যবহার করে পাচারকারীরা।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ২০২৪ সালের এক গবেষণায় এই পাচারপথের বিস্তারিত উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারা থেকে সমুদ্রপথে মানুষকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় বন্দরে নেওয়া হয়।

সেখান থেকে সাগর অথবা স্থলপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করা হয়। পুরো যাত্রায় কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে।

এই পথে শুধু রোহিঙ্গারাই নন, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষও পাচারের শিকার হচ্ছেন।

উত্তাল সাগরে অনাহার, ট্রলারডুবিতে প্রাণহানি
পাহাড়ের নির্যাতন থেকে মুক্তি পেলেও সাগরযাত্রায় অপেক্ষা করে আরও ভয়াবহ বিপদ। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষকে গাদাগাদি করে ট্রলারে তোলা হয়। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা কিংবা নিরাপত্তার ব্যবস্থা থাকে না।

দীর্ঘ যাত্রায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে কিংবা বৈরী আবহাওয়ার কবলে পড়লে বিপন্ন হয়ে ওঠে সবার জীবন। কখনো ট্রলারডুবিতে প্রাণহানি ঘটে, আবার কখনো সাগরের মাঝপথে নিখোঁজ হন যাত্রীরা।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের ২৯ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নিয়েছিলেন।

তাঁদের মধ্যে আনুমানিক ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তাঁরা নিখোঁজ হয়েছেন। অর্থাৎ ওই যাত্রায় অংশ নেওয়া প্রতি সাতজনের একজনের মৃত্যু কিংবা নিখোঁজ হওয়ার আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে।

Walton
Walton