ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্ট ’নেসেট’-এ আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দেন। ছবি সংগৃহীত
ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান আবারও জানিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল ও ‘চালাকি’ বলে প্রত্যাখ্যান করেছেন।
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের আলোচনা যখন চলছে, ঠিক তখনই দুই নেতার মধ্যে এই পাল্টাপাল্টি বক্তব্য সামনে এল। গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। বর্তমানে বিভিন্ন দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা চালাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ওই আলোচনা তাঁকে আরও নিশ্চিত করেছে যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার গঠন জরুরি।
তাঁর দাবি, এমন সরকার গঠিত হলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে।
নেতানিয়াহু বলেন, প্রস্তাবিত সরকারে এমন দলগুলোই থাকবে, যারা ইসরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলাই হবে এই সরকারের প্রধান লক্ষ্য। এর মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ ইরান। তাঁর অভিযোগ, ইরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না।
আইজেনকটের প্রস্তাবিত সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনারও বিরোধিতা করেন নেতানিয়াহু। আইজেনকট অবশ্য এই সরকারকে ‘জাতীয় জরুরি সরকার’ হিসেবে প্রতিষ্ঠার কথা বলছেন।
প্রস্তাবিত হিসাব অনুযায়ী, আইজেনকটের জোটের ৪৮ জন আইনপ্রণেতা সরকারের পক্ষে ভোট দেবেন। নেতানিয়াহুর সমর্থক ৪৬ জন ভোট দেবেন বিপক্ষে। বাকি ২৬ জন আইনপ্রণেতা, যাঁরা আরব ও অতি-রক্ষণশীল দলগুলোর সদস্য, তাঁরা ভোটদানে বিরত থাকতে পারেন। তাতে ১২০ আসনের নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের প্রস্তাব অনুমোদন পাওয়ার সুযোগ তৈরি হবে।
নেতানিয়াহু বলেন, ‘দুর্বল ও বিপজ্জনক সরকার গঠনের চেষ্টা না করে চলুন আমরা এক জায়গায় বসি। কোনো পূর্বশর্ত ছাড়াই সব মতপার্থক্য ও বর্জনের সিদ্ধান্ত পাশে রেখে দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে সমঝোতায় পৌঁছাই।’
তাঁর বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই প্রতিক্রিয়া জানান আইজেনকট। নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরেছেন-এ কথা উল্লেখ করে ঐক্য সরকারের প্রস্তাবকে রাজনৈতিক ‘চালাকি’ বলে আখ্যা দেন সাবেক এই সেনাপ্রধান।
আইজেনকট বলেন, ‘আলোচনা যখন ইতিমধ্যে চলছে, তখন নেতানিয়াহু নতুন করে আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন, অথচ একই সময়ে বিভেদ সৃষ্টি করছেন এবং উত্তেজনা বাড়িয়ে চলেছেন। এসব চালাকি আমার ওপর কাজ করবে না।’
উগ্রপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্নের শর্ত
গত রোববার আইজেনকটকে নতুন সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হয়। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে জোট গঠনের আলোচনা সহজ হবে না বলে মনে করা হচ্ছে। নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলো রেকর্ডসংখ্যক আসন পাওয়ার পর থেকেই এসব দলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন নেতানিয়াহু।
তাঁর প্রস্তাবিত ঐক্য সরকারে মধ্যপন্থী থেকে ডানপন্থী-বিভিন্ন ধারার প্রধান ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে সেই জোটের বাইরে রাখতে চান তিনি।
অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বিদায়ী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জিয়োনিজম পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে নীতিগতভাবে আপত্তি নেই বলে ইঙ্গিত দিয়েছেন আইজেনকট। তবে এ ক্ষেত্রে তাঁদের ঐক্যের অঙ্গীকার আন্তরিক হতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী রেখে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা অবশ্য ক্ষীণ। বিশেষ করে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারণার সমালোচনা করেছেন আইজেনকট।
শনিবারও তিনি ‘উগ্রপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্নের’ আহ্বান পুনর্ব্যক্ত করেন। এ ক্ষেত্রে কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তাঁর নেতৃত্বাধীন সরকারে কোনো দল অংশ নিতে চাইলে উগ্রপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে বলে জানান আইজেনকট।
নেসেটের স্পিকার নির্বাচন নিয়েও বিরোধ
সরকার গঠনের আলোচনার পাশাপাশি মঙ্গলবার নেসেটের স্পিকার নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
বর্তমানে স্পিকারের দায়িত্বে রয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র আমির ওহানা। তাঁকে সরিয়ে সাবেক সেনা কর্মকর্তা মাতান কাহানাকে ওই পদে বসানোর প্রস্তাব দিয়েছে বিরোধী পক্ষ। আইজেনকটের নির্বাচনী তালিকায় কাহানা ছিলেন পঞ্চম স্থানে।
আইজেনকট বলেন, ‘লিকুদ ও তাদের মিত্ররা যদি সত্যিই আন্তরিক রাজনৈতিক অংশীদারত্ব চায়, তাহলে তাদের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিতে হবে। মাতান কাহানাকে স্পিকার নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য নিজেদের আইনপ্রণেতাদের নির্দেশ দিতে হবে।’
সূত্র: এএফপি




