ছবি সংগৃহীত
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সকালে বাহিনীর নৌবিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে তেহরানের নিয়ন্ত্রণ ও চলাচলে বিধিনিষেধের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়াল।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজকে এই নৌপথ অতিক্রম করতে দেওয়া হচ্ছে না। নির্দেশ অমান্যকারী কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ জানায়, কিছুক্ষণ আগে দুটি তেলবাহী জাহাজের নৌমাইনে আঘাত লাগলে সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
বাহিনীর দাবি, জাহাজ দুটি নিজেদের রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে অনুমোদনহীন পথে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় নৌমাইনে আঘাত লেগে বিস্ফোরণ ঘটে।
তবে জাহাজ দুটির নাম কিংবা কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে কিছু জানায়নি ইরান। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার।
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের জবাবে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই জলপথ ব্যবহারকারী তেলবাহী জাহাজগুলোকে সামরিক সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে চলাচলকারী কয়েকটি জাহাজে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এসব ঘটনার কয়েকটিতে জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছে বলে দাবি করেছে তেহরান।
শুক্রবারও বিপ্লবী গার্ড বাহিনী একটি জাহাজ থেকে আকাশে উঁচু ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল এবং প্রণালির দক্ষিণ অংশে একটি মাইনে আঘাত পাওয়ার পর এতে আগুন ধরে যায়।
তবে মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য ভিন্ন। তাদের দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে।
সূত্র: এএফপি




