Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩৩, শনিবার ১৪ নভেম্বর ২০২৬

ব্রিটিশ ঘাঁটিতে সন্দেহজনক ড্রোন, সতর্ক মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ১৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ব্রিটিশ ঘাঁটিতে সন্দেহজনক ড্রোন, সতর্ক মার্কিন বাহিনী

আরএএফ লেকেনহিথ-এর প্রধান রানওয়ে থেকে একটি এফ-১৫ বিমান টেনে নিয়ে যাওয়া হচ্ছে ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আরএএফ লেকেনহিথের আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তৎপর হয়ে ওঠে মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো সামরিক সদস্য, যুদ্ধবিমান কিংবা ঘাঁটির অবকাঠামোর ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।

মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, ঘাঁটির আকাশে ‘অনুমোদনহীন ড্রোনের সন্দেহজনক তৎপরতা’ দেখা গেলে সেখানে দায়িত্ব পালনরত সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

তিনি বলেন, ‘মার্কিন সেনাসদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক কর্মী, ঠিকাদার এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে হামলায় ব্যবহৃত বোমারু বিমানগুলো যুক্তরাজ্য থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটি ব্রিটেন থেকে বিশাল আকারের জ্বালানি সরবরাহকারী বিমানও জার্মানিতে স্থানান্তর করেছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়া হয়। এর আগে গভীর রাতে সাদা রঙের কয়েকটি ভ্যানে করে একদল ব্যক্তি ওই ঘাঁটির কাছে পৌঁছেছিল।

ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত মাসে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সরকারি কৌঁসুলিদের দাবি, তাঁদের একজন যুক্তরাজ্যে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার চেষ্টা করেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির আশঙ্কায় জ্বালানি সরবরাহকারী বিমানগুলোও ব্রিটেন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

সূত্র: রয়টার্স

Walton
Walton