Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৮ ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ সরকারের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ১৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ সরকারের

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ছবি সংগৃহীত

ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে নতুন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। নদী দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি আধুনিক নৌযান, নতুন নৌরুট, স্টেশন ও ঘাট নির্মাণের মাধ্যমে রাজধানীতে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। নিয়মিত হাঁটাচলা করেন এমন ব্যক্তি ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে কর্মসূচিতেও যোগ দেন মন্ত্রী।

তাঁর ভাষ্য, নদীর দুই তীর সংরক্ষণ করে মানুষের চলাচল ও অবসর কাটানোর উপযোগী পরিবেশ তৈরির কাজ চলছে। বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মিত হয়েছে। যেসব জায়গায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেসব অসম্পূর্ণ অংশও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী চান, নদীর তীর এমনভাবে সাজানো হোক, যেখানে নগরবাসী নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

নদী রক্ষার কাজে সাধারণ মানুষের সম্পৃক্ততার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শুধু সরকারি উদ্যোগ দিয়ে নদীকে বাঁচানো সম্ভব নয়; নাগরিকদের সচেতনতা ও প্রত্যক্ষ অংশগ্রহণও জরুরি। ওয়াকওয়ে রান আয়োজনের অন্যতম উদ্দেশ্য নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অভ্যস্ত মানুষকে উৎসাহিত করা এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

নদীদূষণের ৪২৬টি উৎস চিহ্নিত
ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৪২৬টি দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে বলে জানান শেখ রবিউল আলম। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে।

দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। বর্জ্য নির্গমনের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধ করাই এই কার্যক্রমের লক্ষ্য।

নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণকেও দখল নিয়ন্ত্রণের কার্যকর উপায় হিসেবে দেখছে সরকার। এসব অবকাঠামো নদীর সীমানা সংরক্ষণের পাশাপাশি তীরবর্তী স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কমাতেও ভূমিকা রাখছে। যেসব এলাকায় এখনো নির্মাণকাজ শেষ হয়নি, সেগুলো দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

নতুন নৌরুট, আধুনিক নৌযান ও ঘাট নির্মাণ
নদীকে শুধু যাতায়াতের পথ হিসেবে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। যোগাযোগের পাশাপাশি পর্যটন ও বিনোদনের ক্ষেত্র হিসেবেও নদীকেন্দ্রিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ জন্য নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব স্থাপনার সঙ্গে সড়ক যোগাযোগের সমন্বয় ঘটানোর পরিকল্পনাও রয়েছে, যাতে যাত্রীরা সহজে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে পারেন।

এর আগে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশিত সাফল্য মেলেনি। সড়কপথের তুলনায় নৌপথে বেশি সময় লাগা এবং নদীর দূষিত পরিবেশ যাত্রীদের আগ্রহ কমিয়ে দিয়েছিল বলে মনে করেন মন্ত্রী।

এবার সেই পুরোনো সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। নদী পরিষ্কার, দখল নিয়ন্ত্রণ, আধুনিক নৌযান এবং উন্নত ঘাট ও স্টেশন নির্মাণের মাধ্যমে নৌপথকে যাত্রীবান্ধব করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নদীকেন্দ্রিক যোগাযোগে বদলাতে পারে নগরজীবন
শেখ রবিউল আলমের আশা, চলমান উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এতে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে নদী ঘিরে পর্যটন ও বিনোদন কার্যক্রম সম্প্রসারণের পথও খুলবে। নদীর তীর দখলমুক্ত রাখা, বর্জ্য নিয়ন্ত্রণ এবং পরিবেশের উন্নয়নেও এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁর।

বিআইডব্লিউটিএর পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌপরিবহন মন্ত্রী। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে তোলাই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য।

Walton
Walton