Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৮ ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬

বাজারে উঠেছে শীতের সবজি, দামের চাপে দিশেহারা ক্রেতারা

অর্থ-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৭, ১৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বাজারে উঠেছে শীতের সবজি, দামের চাপে দিশেহারা ক্রেতারা

ছবি সংগৃহীত

বাজারে আসতে শুরু করেছে শীতের নতুন সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর আর টমেটোতে ভরে উঠছে রাজধানীর কাঁচাবাজার। কিন্তু মৌসুমি সবজির এমন উপস্থিতিতেও ক্রেতাদের মুখে হাসি নেই। নতুন আলুর কেজি ১২০ টাকা, গাজর ১৪০ টাকা এবং পুরোনো দেশি টমেটোও বিক্রি হচ্ছে একই দামে। নতুন দেশি টমেটোর কেজি ১৩০ টাকা। সরবরাহ বাড়তে শুরু করলেও দামের উত্তাপ কমেনি বাজারে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে শীতকালীন সবজির পাশাপাশি সারা বছর পাওয়া যায় এমন সবজির দামও অনেক ক্রেতার নাগালের বাইরে।

বাজারে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিমের দাম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর ১৪০ টাকা। নতুন দেশি টমেটো ১৩০ টাকা আর পুরোনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

নতুন আলুর দামও ক্রেতাদের বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি কেজি নতুন আলু কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা। অথচ পুরোনো আলু পাওয়া যাচ্ছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়। শালগমের কেজি ৮০ টাকা এবং ব্রকলি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

বেগুনের বাজারেও দামের পার্থক্য রয়েছে। লম্বা বেগুন ৫০ টাকা এবং গোল বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা এবং ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটোলের দাম কেজিতে ৬০ টাকা। কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা। দেশি শসার কেজি ৮০ টাকা হলেও হাইব্রিড শসা পাওয়া যাচ্ছে ৬০ টাকায়।

নিত্যপ্রয়োজনীয় মসলার বাজারেও রয়েছে বাড়তি খরচের চাপ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দেশি রসুনের দাম ৯০ টাকা, বড় আকারের রসুন ১৮০ টাকা এবং আদা ১৬০ টাকা। আকারভেদে প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ থেকে ৬০ টাকা।

সবজির তুলনায় শাকের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায়। শাকের ধরন ও আকার অনুযায়ী দামে পার্থক্য দেখা যাচ্ছে।

সরবরাহ কম, দাম কমার অপেক্ষায় বিক্রেতারা
বিক্রেতাদের ভাষ্য, শীতকালীন সবজির মৌসুম শুরু হলেও এখনো বাজারে পর্যাপ্ত সরবরাহ তৈরি হয়নি। আগাম উৎপাদিত টমেটো, গাজর ও শিমের মতো সবজির চাহিদা বেশি থাকলেও সরবরাহ তুলনামূলক কম। এর সঙ্গে পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় খুচরা বাজারে দাম চড়া থাকছে।

সমবায় বাজারের বিক্রেতা ইসরাফিল আলম বলেন, শীতের প্রায় সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে। কিন্তু টমেটো, গাজর ও শিমের মতো আগাম সবজির দাম এখনো বেশি। মৌসুমের শুরুতে সাধারণত এসব পণ্যের দাম এমনই থাকে। সরবরাহ বাড়লে ধীরে ধীরে মূল্য কমে আসতে পারে।

আরেক বিক্রেতা ফিরোজ মিয়ার প্রত্যাশা, ডিসেম্বরের দিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়বে। তখন তুলনামূলক কম দামে এসব পণ্য বিক্রি করা সম্ভব হবে।

নতুন সবজি দেখেও কিনতে পারছেন না ক্রেতারা
বাজারে নতুন সবজির সমারোহ দেখে অনেকের কেনার আগ্রহ তৈরি হলেও দাম শুনে পিছিয়ে যাচ্ছেন তাঁরা। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য প্রতিদিনের বাজার সামলানো কঠিন হয়ে উঠেছে।

সাপ্তাহিক বাজার করতে আসা মাহমুদা খানম বলেন, বাজারে নতুন নতুন সবজি উঠেছে। দেখতে ভালো লাগছে, কিনতেও ইচ্ছা করছে। কিন্তু দাম শুনলে আর কেনার আগ্রহ থাকে না। অনেক সবজির দামই এখন বেশি মনে হচ্ছে।

ক্রেতা আবদুস সোবহানের অভিযোগ, বাজারে প্রয়োজনীয় কোনো পণ্যের দামই তেমন কম নেই। বাড়তি দামের কারণে ইচ্ছামতো কেনাকাটা করা যাচ্ছে না। বাধ্য হয়ে অল্প অল্প করে পণ্য কিনতে হচ্ছে।

তিনি বলেন, বিক্রেতারা এখন বলছেন ডিসেম্বরের দিকে দাম কমবে। তখন হয়তো আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের তো প্রতিদিনই বাজার করতে হয়। আয় যেমনই হোক, খাবার কিনে খেতেই হবে।

চাল-চিনির দাম বেড়েছে, কমেছে কয়েকটি পণ্যের
এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে।

এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

সব মিলিয়ে শীতের সবজির আগমন বাজারে নতুন পণ্যের বৈচিত্র্য বাড়ালেও সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তি এখনো অধরা। ডিসেম্বরের সরবরাহ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। সেই অপেক্ষার মধ্যেই প্রতিদিনের খাবারের খরচ সামলাতে হিসাব কষতে হচ্ছে সাধারণ পরিবারগুলোকে।

Walton
Walton