ছবি সংগৃহীত
বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র স্রষ্টা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। অথচ যে পদমদীর মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন ঊনবিংশ শতাব্দীর এই প্রখ্যাত সাহিত্যিক, সেখানেই তাঁর স্মৃতি রক্ষায় নির্মিত কেন্দ্রটি বছরের পর বছর পড়ে আছে অবহেলায়। ভবনের পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল ধরেছে, নষ্ট হচ্ছে বিভিন্ন স্থাপনা। সমৃদ্ধ গ্রন্থাগারের বদলে সেখানে তাঁর লেখা বইও রয়েছে হাতে গোনা কয়েকটি।
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের বর্তমান চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাঁদের অভিযোগ, জন্ম ও মৃত্যুবার্ষিকী সামনে এলেই কেন্দ্রটির পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়। বছরের বাকি সময় এর নিয়মিত পরিচর্যার তেমন কোনো দৃশ্য চোখে পড়ে না।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তাঁর পৈতৃক নিবাস ছিল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুর পর তাঁকে সেখানেই সমাহিত করা হয়।
সাহিত্যিকের স্মৃতি ধরে রাখতে তাঁর সমাধিস্থল ঘিরে বাংলা একাডেমির তত্ত্বাবধানে নির্মাণ করা হয় স্মৃতিকেন্দ্র ও কমপ্লেক্স ভবন। প্রায় তিন দশক আগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি এখন নিজেই সংস্কার ও সংরক্ষণের অপেক্ষায়।
দেয়ালে ফাটল, খসে পড়ছে ভবনের পলেস্তারা
সরেজমিনে স্মৃতিকেন্দ্রের বিভিন্ন স্থাপনায় অযত্নের চিহ্ন দেখা গেছে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। সীমানাপ্রাচীরে তৈরি হয়েছে ফাটল। দীর্ঘদিনের অবহেলায় রং উঠে যাওয়ার পাশাপাশি গ্রিলেও ধরেছে মরিচা।
মূল ফটকসহ বিভিন্ন স্থানে স্থাপিত বাতি অকার্যকর হয়ে রয়েছে। ভবনের ভেতরের সিলিং লাইটও জ্বলছে না। দর্শনার্থীদের বসার বেঞ্চগুলো অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, স্মৃতিকেন্দ্রটির উল্লেখযোগ্য সংস্কারকাজ দীর্ঘদিন ধরে হয়নি। বিশেষ দিবসের অনুষ্ঠান সামনে রেখে সাময়িকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। এবারও জন্মবার্ষিকী উপলক্ষে ভবনে রং করার কাজ চলছে।
স্মৃতিকেন্দ্রের গ্রন্থাগার নিয়েও রয়েছে হতাশা। মীর মশাররফ হোসেনের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত কেন্দ্রে তাঁর লেখা মাত্র তিন-চারটি বই ছাড়া উল্লেখযোগ্য কোনো গ্রন্থ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
ছুটির দিন বন্ধ, ফিরতে হয় দর্শনার্থীদের
স্মৃতিকেন্দ্রটির আরেকটি বড় সীমাবদ্ধতা হলো এর নিয়মিত কার্যক্রম ও দর্শনার্থীদের প্রবেশের সুযোগ। শুক্র ও শনিবারসহ বিভিন্ন সরকারি ছুটির দিনে কেন্দ্রটি বন্ধ থাকে। ফলে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী, গবেষক ও সাহিত্যপ্রেমীদের অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করতে পারেন না।
এতে নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যচর্চা ও অবদান তুলে ধরার সুযোগও সংকুচিত হচ্ছে।
দর্শনার্থী শহিদুল ইসলাম, রেজাউল করিম ও আকবর হোসেন এবং স্থানীয় বাসিন্দা নাজমা সুলতানা ও কবির হোসেন জানান, সারা বছর স্মৃতিকেন্দ্রে তেমন কোনো কার্যক্রম দেখা যায় না। যথাযথ পরিচর্যার অভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি ক্রমেই নষ্ট হচ্ছে।
তাঁদের দাবি, কেবল জন্ম ও মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে স্মৃতিকেন্দ্রটিকে সারা বছর সচল রাখতে হবে। পাশাপাশি সাহিত্যিকের জীবন ও রচনাবলি নিয়ে নিয়মিত প্রচার, পাঠচক্র এবং সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা প্রয়োজন।
‘সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে’
স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন সুজন বলেন, যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো মেরামত করা উচিত। স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ চলছে।
তিনি জানান, মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ নভেম্বর সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, স্মৃতিকেন্দ্রটি বাংলা একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি প্রতিষ্ঠানটিকে অবহিত করা হবে।
তাঁর মতে, শুধু বিশেষ অনুষ্ঠান সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না। সারা বছর কেন্দ্রটি পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা জরুরি।
জন্মদিনে স্মরণ, বছরজুড়ে সংরক্ষণের দাবি
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ পদমদীতে বাংলা একাডেমির আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন আয়োজন থাকলেও স্থানীয়দের প্রত্যাশা, এই আনুষ্ঠানিকতা যেন স্মৃতিকেন্দ্রের বাস্তব উন্নয়নের উপলক্ষ হয়ে ওঠে।
শিক্ষাজীবনে কুষ্টিয়া স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ও কলকাতার কালীঘাট স্কুলে পড়াশোনা করেন তিনি। কর্মজীবনের শুরুতে বাবার জমিদারি দেখাশোনা করেন। পরে ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন।
ছাত্রাবস্থায় ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় মফস্বল সংবাদদাতা হিসেবে কাজের মধ্য দিয়ে তাঁর সাহিত্যজীবনের সূচনা। পরবর্তী সময়ে ‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘গো-জীবন’, ‘বেহুলা গীতাভিনয়’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়াঁর বস্তানী’ ও ‘আমার জীবনী’র মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন।
তাঁর সাহিত্যকীর্তির মধ্যে ‘বিষাদ-সিন্ধু’ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিকদের অবদান ও উপন্যাসের বিকাশের ইতিহাসে তাঁর নাম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
স্থানীয়দের প্রত্যাশা, মীর মশাররফ হোসেনের স্মৃতিকে কেবল নির্দিষ্ট কয়েকটি দিবসের আনুষ্ঠানিকতায় আটকে রাখা হবে না। স্মৃতিকেন্দ্রের পূর্ণাঙ্গ সংস্কার, সমৃদ্ধ গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং সারা বছর দর্শনার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে তাঁর সাহিত্যিক উত্তরাধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।




