Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩৩, শনিবার ১৪ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ১৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি সংগৃহীত

নীরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে ডায়াবেটিস। সময়মতো সচেতন না হলে এই রোগের পরিণতি হতে পারে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি বিকলতা এমনকি অঙ্গহানিও। এই ঝুঁকি মোকাবিলায় নিয়মিত রক্ত পরীক্ষা ও সচেতন জীবনযাপনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীর প্রতি সম্মিলিতভাবে সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে। পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতির বক্তব্যে উঠে এসেছে, ডায়াবেটিস কেবল সাময়িক কোনো শারীরিক সমস্যা নয়; এটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। অবহেলা করলে হৃদ্‌যন্ত্রের জটিলতা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির সমস্যা ও দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়।

এমনকি স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সংক্রমণ এবং গুরুতর অবস্থায় অঙ্গচ্ছেদের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

জীবনযাপনে কিছুটা সচেতনতা এই ঝুঁকি অনেকটাই কমাতে পারে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবন কাটাতে পারেন।

রোগটির বিস্তারের পেছনে জীবনযাত্রার পরিবর্তনকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। নগরায়নের প্রভাবে মানুষের খাদ্যাভ্যাস বদলেছে, কমেছে দৈনন্দিন শারীরিক পরিশ্রম। এসব পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ।

সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি প্রত্যেককে নিজ পরিবার, কর্মস্থল ও সামাজিক পরিসরে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

একই সঙ্গে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।

বাণীর শেষাংশে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

Walton
Walton