ট্রাভেলার্স হেল’ (Traveler’s Hell)-এর সেটে পরিচালক হানা আলোমাইর (ডানে) ও অভিনেত্রী আদওয়া বাদের। (সংগৃহীত)
নির্জন পাহাড়ি সড়ক। মাঝরাতে বিপদে পড়েছেন এক অপরিচিত ব্যক্তি। তাঁকে সাহায্য করতে গিয়ে এক তরুণী জড়িয়ে পড়েন ভয়ংকর এক অভিজ্ঞতায়। বাস্তবতা আর কল্পনার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে ওঠে। এমনই মনস্তাত্ত্বিক রহস্য ও আতঙ্কের গল্প নিয়ে আসছে সৌদি আরবের নতুন চলচ্চিত্র ‘ট্রাভেলার্স হেল’।
বেস্টসেলার লেখক ওসামাহ আলমুসলিমের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন পুরস্কারজয়ী সৌদি পরিচালক হানা আলোমাইর। এমবিসি স্টুডিওজের প্রযোজনায় পুরো ছবির শুটিং হয়েছে সৌদি আরবেই।
ছবিতে অভিনয় করেছেন আদওয়া বাদর, বাসিল আলসোল, মোহাম্মদ আলি, শুজাত নাশাত ও আজিজ গারবাওয়ি।
জনপ্রিয় একটি উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দেওয়ার কাজটি সহজ ছিল না পরিচালকের জন্য। বিশেষ করে উপন্যাসটির বিপুলসংখ্যক নিবেদিত পাঠকের প্রত্যাশা পূরণের পাশাপাশি পর্দায় নিজস্ব নির্মাণশৈলী ধরে রাখাও ছিল বড় চ্যালেঞ্জ।
আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হানা আলোমাইর বলেন, ‘উপন্যাসটির পাঠকসংখ্যা অনেক বেশি। প্রত্যেক পাঠক নিজের কল্পনায় গল্পটির একটি স্বতন্ত্র ও জীবন্ত জগৎ তৈরি করে নিয়েছেন।’
সে কারণে উপন্যাসের সব কল্পনাপ্রসূত উপাদান হুবহু পর্দায় তুলে ধরার পথে হাঁটেননি তিনি। বরং অতিপ্রাকৃত ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্য বাস্তবতার মধ্যে উপস্থাপন করতে বেছে নিয়েছেন ম্যাজিক্যাল রিয়ালিজম বা জাদুবাস্তবতার কৌশল।
হানার ব্যাখ্যা, এতে গল্পের বিস্ময়কর আবহ অক্ষুণ্ন রাখার পাশাপাশি চরিত্রগুলোর অনুভূতি ও মানসিক টানাপোড়েন দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা সম্ভব হয়েছে।
আগামী ১৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ট্রাভেলার্স হেল’-এর।
ছবির গল্পে দেখা যাবে, এক তরুণী রাতে একা গাড়ি চালিয়ে যাচ্ছেন। পথে এমন একটি পাহাড়ি সড়কে তাঁর দেখা হয় এক বিপদগ্রস্ত ব্যক্তির সঙ্গে, যে পথটি নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনার জন্য পরিচিত। অস্বস্তি বোধ করলেও মানবিকতার তাগিদে ওই ব্যক্তিকে কাছের একটি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে রাজি হন তিনি। কিন্তু সাধারণ একটি সাহায্যের ঘটনা দ্রুতই ভয়ংকর পরিস্থিতির দিকে মোড় নেয়। একের পর এক অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়ে তরুণী প্রশ্নের মুখে পড়েন নিজের বাস্তবতাবোধ নিয়েও।
অপরাধবোধ, অনিশ্চয়তা ও নিঃসঙ্গতা ছবিটির গল্পে বারবার ফিরে এসেছে। অতিপ্রাকৃত ঘটনাগুলোর মধ্য দিয়ে বাস্তবতা ও কল্পনার ব্যবধানও ক্রমে মুছে যেতে থাকে।
প্রচলিত ভৌতিক ছবির মতো হঠাৎ চমকে দেওয়ার দৃশ্যের ওপর নির্ভর করতে চাননি হানা। তাঁর লক্ষ্য ছিল চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব এবং গল্পের ভেতর থেকে ধীরে ধীরে ভয় তৈরি করা।
পরিচালক বলেন, ‘আমার বিশ্বাস, পরিচিত কিছু কৌশল চাপিয়ে দেওয়ার চেয়ে গল্পের স্বাভাবিক গতির মধ্য দিয়ে ভয় তৈরি করতে পারলে তা অনেক বেশি কার্যকর হয়। “ট্রাভেলার্স হেল”-এর আতঙ্ক বড় কোনো দৃশ্যনির্ভর চমকের ওপর দাঁড়িয়ে নেই। এর মূল শক্তি আবহ, চরিত্রগুলোর ভেতরের দ্বন্দ্ব এবং বাস্তবতা যেন বদলে যাচ্ছে-এমন এক অস্বস্তিকর অনুভূতি।’
সৌদি আরবের ভিন্ন এক ভূদৃশ্য
ছবিটির আরেকটি বিশেষ দিক সৌদি আরবের প্রকৃতির ভিন্ন উপস্থাপন। দেশটির পরিচিত মরুভূমি কিংবা আধুনিক নগরদৃশ্যের বাইরে গিয়ে পরিচালক তুলে ধরেছেন সবুজ পাহাড়, আঁকাবাঁকা সড়ক এবং জনবিচ্ছিন্ন নানা স্থান। দিনের আলোয় এসব জায়গা যতটা স্বাভাবিক, রাতের অন্ধকারে ততটাই রহস্যময় ও ভীতিকর হয়ে ওঠে।
হানার কাছে ছবির প্রাকৃতিক পরিবেশ শুধু পটভূমি নয়; চরিত্রগুলোর মানসিক অবস্থার সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। পাহাড়, নির্জন পথ ও চারপাশের নিস্তব্ধতা গল্পের রহস্যময়তা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে আরও গভীর করেছে।
তিনি বলেন, ‘দর্শকেরা সৌদি আরবের এমন একটি দিক দেখতে পাবেন, যা পর্দায় তাঁরা সাধারণত দেখে অভ্যস্ত নন। এখানে রয়েছে সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য, উঁচু পাহাড় এবং দুর্গম পথ। রাত নামলে একই জায়গাগুলোর চরিত্র বদলে যায়। তখন সেগুলো সত্যিই অস্বস্তিকর ও ভীতিকর হয়ে ওঠে।’
উপন্যাস থেকে চিত্রনাট্য, যৌথ প্রচেষ্টা
হানা আলোমাইর এর আগে নিজের বেশির ভাগ কাজের চিত্রনাট্য নিজেই লিখেছেন কিংবা সহলেখক হিসেবে যুক্ত ছিলেন। তবে ‘ট্রাভেলার্স হেল’-এর চিত্রনাট্য লিখেছেন উপন্যাসের লেখক ওসামাহ আলমুসলিম নিজেই।
উপন্যাসের সাহিত্যিক উপাদানগুলোকে চলচ্চিত্রের ভাষায় রূপ দিতে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। গল্পের মূল বক্তব্য ও আবেগ অক্ষুণ্ন রেখে কোন বিষয়গুলো পর্দায় তুলে ধরা হবে, তা নিয়ে একাধিক খসড়া পর্যালোচনা করেছেন তাঁরা।
হানা বলেন, ‘প্রতিটি খসড়া নিয়েই আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। গল্পটিকে নানা দৃষ্টিকোণ থেকে দেখেছি। চলচ্চিত্রের চূড়ান্ত রূপ নির্ধারণ করবে-এমন প্রতিটি সিদ্ধান্ত নিয়ে আমরা সতর্কভাবে ভেবেছি।’
সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তনগুলোর ব্যাপারে আলমুসলিম যথেষ্ট সহযোগিতাপরায়ণ ছিলেন বলেও জানান পরিচালক। গল্প বলার বিষয়ে দুজনের অভিন্ন দৃষ্টিভঙ্গি ছবিটির চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছে।
দুই বছর আগে এমবিসি স্টুডিওজ ও আলমুসলিমের মধ্যে একটি অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়েছিল। এর আওতায় লেখকের জনপ্রিয় কয়েকটি সাহিত্যকর্ম চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘ট্রাভেলার্স হেল’ সেই উদ্যোগেরই অংশ।
সৌদি চলচ্চিত্রে নতুন ঘরানার সম্ভাবনা
সৌদি আরবের চলচ্চিত্রশিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন ধরনের গল্প ও নির্মাণশৈলী নিয়ে কাজ শুরু করেছেন দেশটির নির্মাতারা। তবে মনস্তাত্ত্বিক থ্রিলার, রহস্য ও ভৌতিক চলচ্চিত্রের মতো ঘরানাগুলো এখনো তুলনামূলক কম আলোচিত।
হানার মতে, শুধু জনপ্রিয় উপন্যাসকে বড় পর্দায় নিয়ে আসাই এই ছবির উদ্দেশ্য নয়। প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধরনের গল্প বলার সাহসও তৈরি করতে চান তাঁরা।
তিনি বলেন, ‘সৌদি চলচ্চিত্রে নতুন নতুন ঘরানার চর্চা বাড়াতে ছবিটি নিজস্ব জায়গা থেকে ভূমিকা রাখবে বলে আশা করি। বিশেষ করে মনস্তাত্ত্বিক থ্রিলার, রহস্য ও ভৌতিক গল্প নির্মাণে আরও বেশি আগ্রহ তৈরি হোক, সেটাই চাই। “ট্রাভেলার্স হেল” যদি অন্য নির্মাতাদেরও এ ধরনের গল্প নিয়ে কাজ করতে উৎসাহিত করে, সেটাকেই আমি বড় অর্জন বলে মনে করব।’




